চীনে বিক্রি হচ্ছে আইফোন-৫!
আইফোন-৫ নিয়ে কী ধুন্ধুমার কাণ্ডই না ঘটে গেল। অপেক্ষা, আগ্রহ এখন পরিণত হতাশায়। অ্যাপল বাজারে ছাড়েনি আইফোন-৫। তার বদলে ব্যবসায়িক কৌশল হিসেবে অবমুক্ত করেছে আইফোন-৪-এরই একটি নতুন সংস্করণ আইফোন-৪এস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেশন তাদের নিজস্ব ব্র্যান্ড আইফোন-৫ বাজারে অবমুক্ত না করলেও এশিয়ার অর্থনৈতিক শক্তি চীনে এরই মধ্যে আইফোন-৫ নাকি কিনতে পাওয়া যাচ্ছে। অ্যাপলভক্তদের জন্য সত্যিই চোখ কপালে তুলে দেওয়ার মতো একটি সংবাদ!চীনের অনলাইন স্টোরগুলো নাকি অ্যাপল ভক্তদের আইফোন-৫ কেনার জন্য নানা রকম বিজ্ঞাপন প্রকাশ করা শুরু করেছে। তবে চিন্তা নেই ওগুলোর সঙ্গে সদ্য প্রয়াত প্রযুক্তিবিদ স্টিভ জবস প্রতিষ্ঠিত অ্যাপল ইনকরপোরেশনের কোনো যোগসূত্র নেই। চীনের অনলাইন স্টোরগুলোতে বিক্রি হওয়া ওই স্মার্ট ফোনগুলো ‘আইফোন-৫’ নাম দিয়ে বিক্রি হলেও ওগুলো আসলে নকল। প্রতিটির দাম ২০০ আরএমবি (চীনের মুদ্রা) বা ৩১ মার্কিন ডলার। এ নকল আইফোন পাওয়া যাচ্ছে চীনের সর্ববৃহত্ অনলাইন স্টোর তাওবাও ডট কমে। এই অনলাইন স্টোরটির রেজিস্ট্রার্ড গ্রাহক সংখ্যা তিন কোটি ৭০ লাখ।জানা গেছে, তাওবাওয়ে যে ‘আইফোন’টি বিক্রি হচ্ছে, তা দেখতে আইফোনের মতো হলেও এর ব্র্যান্ড নাম দেওয়া হয়েছে ‘হাইফোন-৫’। আইনি জটিলতা এড়াতেই নকল করেও এর নামকরণ ‘হাইফোন’ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর ব্যাটারি কম্পার্টমেন্টের ওপর অ্যাপলের সেই বিখ্যাত ট্রেডমার্ক আধ খাওয়া আপেল অঙ্কিত রয়েছে।এদিকে এই অনলাইন স্টোরের গ্রাহকেরা আইফোন-৫ ‘ওরফে’ হাইফোন-৫-এর প্রশংসাই করেছে। এর বিজ্ঞাপনের নিচে মন্তব্যে অনেকেই প্রচণ্ড আগ্রহ তৈরি করে বাজারে আইফোন-৫ না আনার জন্য অ্যাপলের সমালোচনা করেছে।জনৈক ‘হাইফোন-৫’ ব্যবহারকারী মন্তব্য করেছে, ‘আমি এটা বেশ কয়েক দিন ধরে ব্যবহার করছি। আমার কাছে ভালোই লাগছে। সত্যি বলতে কী, আমি আইফোনও ব্যবহার করি, আমি তো আইফোনের সঙ্গে চীনে তৈরি হাইফোন-৫-এর কোনো পার্থক্য দেখলাম না।’ সত্যিই ধন্য চীন দেশ!