চীনে বিমান বিধ্বস্ত হয়ে ৪২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে অন্তত ৪২ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বিবিসিকে এ তথ্য জানায়। বিমানটিতে পাঁচজন ক্রু, পাঁচটি শিশুসহ ৯১ জন আরোহী ছিল। সিভিল এভিয়েশন অ্যাডমিনিসট্রেশন অব চীনের বেসরকারি বিমান চলাচল সংস্থার (সিএএসি) একজন কর্মকর্তা সিনহুয়াকে এ কথা জানান। হিনান এয়ারলাইনসের দ্য এমব্রেয়ার ইআরজি-১৯০ নামের এ বিমানটি গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে ইচুয়ান শহরের লিন্দু বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি প্রাদেশিক রাজধানী হারবিন থেকে স্থানীয় সময় রাত আটটা ৫১ মিনিটে রওনা হয়। একটি সূত্র জানায়, বিমানটি অবতরণের সময় সেখানে ঘন কুয়াশা ছিল।হেইলংজিয়াং প্রদেশের পুলিশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে জানায়, বেঁচে যাওয়া ৪৯ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।প্রদেশটির জননিরাপত্তা বিভাগের উপপরিচালক সান ব্যাংনান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ ঝুঁকিতে নেই।সিএএসির কর্মকর্তা ও টেকনিসিয়ানরা বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উল্লেখ্য চীনে গত বছর লিন্দু বিমানবন্দরটি চালু করা হয়।