চীনে বুলেট ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে দ্রুতগতির দুটি বুলেট ট্রেনের সংঘর্ষে হতাহতের সংখ্যা বেড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে গতকাল শনিবারের ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত ও ২১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া আজ রোববার এ খবর জানিয়েছে।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বেঁচে থাকা যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তাঁরা মনে করেন।সিনহুয়া জানায়, দুই ট্রেনের সংঘর্ষে একটি ট্রেনের দুটি বগি সেতুর নিচে পড়ে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। প্রতিটি বগি ছিল ১০০ যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন। প্রথম বুলেট ট্রেনটি একটি সেতুর ওপর বজ্রপাতের আঘাতে নিশ্চল হয়ে পড়লে দ্বিতীয় একটি বুলেট ট্রেন সেটিকে পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে দ্বিতীয় ট্রেনটির দুটি বগি ছিটকে সেতুর নিচে পড়ে যায়। প্রথম ট্রেনটি প্রাদেশিক রাজধানী হ্যাংঝু থেকে ওয়েনঝু শহরে যাওয়ার পথে স্থানীয় সময় শনিবার রাত আটটা ৩৪ মিনিটে ওয়েনঝুর শুয়ানজিউ এলাকায় এ দুর্ঘটনার মুখে পড়ে।