চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আজ শনিবার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৫০ জনের বেশি নিহত এবং কয়েক হাজার লোক আহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৬। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, স্থানীয় সময় সকাল আটটার দিকে ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এই ভূমিকম্পের পর উদ্ধারকাজের জন্য সিচুয়ানে কয়েক হাজার সেনাসদস্যকে পাঠানো হয়েছে। এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন। তিনি বলেন, ‘ভূমিকম্প আঘাত হানার পরবর্তী ২৪ ঘণ্টাই হচ্ছে উদ্ধারকাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কেননা এই সময়ের মধ্যেই লোকজনকে জীবিত উদ্ধার করার সুযোগ রয়েছে।’সিনহুয়া আরও জানায়, ভূমিকম্প-পরবর্তী ছোট ছোট কম্পন এবং ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।সিচুয়ান প্রদেশ চীনের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা। এই প্রদেশে ২০০৮ সালে এক ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়।