চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম চীনের ইউশু কাউন্টিতে গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের সর্বশেষ সংবাদে ৬১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।ভূমিধসের কারণে সড়কপথ বন্ধ থাকায় বিমানযোগে ইউশু বিমানবন্দরে প্রেরিত প্রয়োজনীয় চিকিত্সা উপকরণ ও অন্যান্য ত্রাণসামগ্রী দুর্গতদের কাছে পৌঁছানো যাচ্ছিল না। সেনাবাহিনী ও অন্যান্য স্বেচ্ছাসেবক সংস্থার সহায়তায় রাস্তা পরিষ্কার করে ও বিকল্প পথে এখন ইউশু বিমানবন্দর থেকে ত্রাণসামগ্রী সড়কপথে দুর্গতদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।এদিকে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও বুধবারের ভূমিকম্পে ইউশুর ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন। তিনি উপপ্রধানমন্ত্রী হুই লিয়াংইউকে এই ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকি করার জন্য ইউশুর পাশের প্রদেশ কুইংহাইয়ে পাঠিয়েছেন। চীনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও ইউশুর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছে। অন্যদিকে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, তিনি এ মহাদুর্যোগে নিহত ও ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছেন। উল্লেখ্য, দালাই লামার জন্মস্থান কুইংহাই।