চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গতকাল শুক্রবার কয়েক দফা ভূমিকম্পে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে ৮০ জনে পৌঁছেছে। আহত হয়েছে দেড় শতাধিক। আজ শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।সিনহুয়ার খবরে বলা হয়, রিখটার স্কেলে ভূকম্পনের সর্বোচ্চ তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে অন্তত ২০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ইউনান ও গুইঝাউ প্রদেশের সীমান্ত এলাকায় চার দফা ভূমিকম্প আঘাত হানে। এতে ওই অঞ্চলে পাহাড়ধসের ঘটনা ঘটে। ভূমিকম্পের উত্পত্তিস্থলের কাছে ইউনান প্রদেশের ইলিয়াং কাউন্টির লোকজনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইউনানের উদ্ধারকর্মীরা জানান, গতকাল পর্যন্ত ভূমিকম্পকবলিত ছয়টি কাউন্টির ৯০ শতাংশ অংশে পৌঁছানো সম্ভব হয়েছে। এসব এলাকার প্রায় সাড়ে সাত লাখ মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী গুইঝাউ প্রদেশের কর্মকর্তারা জানান, সেখানে ভূমিকম্পে দুজন আহত হয়। এ ছাড়া ইউনানের সীমান্তসংলগ্ন উইনিং কাউন্টির প্রায় ২৮ হাজার মানুষ বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা ভিডিওচিত্রে দেখা গেছে, ভূমিকম্পের সময় হাজার হাজার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় নেমে আসে। রাস্তাগুলোতে ইট ও পাথর ছড়িয়ে থাকতে দেখা যায়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, স্থানীয় সময় বেলা ১১টায় সবচেয়ে শক্তিশালী ভূকম্পন হয়। এর উত্পত্তিস্থল ছিল ভূগর্ভের ১৪ কিলোমিটার (নয় মাইল) গভীরে।ভূমিকম্পের ফলে চীন প্রায় ৫৫ কোটি মার্কিন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ইউনানের বেসামরিক-বিষয়ক বিভাগ জানিয়েছে।