চীনে ভূমিকম্পে ৫০ জনের মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ শুক্রবার সকালে কয়েক দফা ভূমিকম্পে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০ জন। ভূমিকম্পে প্রায় ২০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ ও রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আজ বিবিসি অনলাইন ও আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।সিনহুয়ার খবরে বলা হয়, আজ স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইউনান প্রদেশের ইলিয়াং কাউন্টির সীমান্ত এলাকায় ও গুইঝাউ প্রদেশের উইনিং কাউন্টিতে কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭।চীনের ভূমিকম্প-বিষয়ককেন্দ্র জানায়, কয়েক দফা ছোট ছোট ভূকম্পনের পর ১৪ কিলোমিটার গভীরে সবচেয়ে তীব্র কম্পনটি অনুভূত হয়। পাশের সিচুয়ান প্রদেশেও ভূকম্পন অনুভূত হয়েছে।ইউনান প্রদেশের ভূমিকম্প অধিদপ্তরের মুখপাত্র ঝেং জুনউই বলেন, ভূমিকম্পে মারা যাওয়া ব্যক্তিরা সবাই ইলিয়াং কাউন্টির। এই এলাকার প্রায় ১৫০ জন আহত হয়েছেন। স্থানীয় বেসামরিক বিষয়ক বিভাগের একজন কর্মকর্তার বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় ওই কাউন্টি থেকে লক্ষাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গুইঝাউ প্রদেশে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সেখানকার বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।