চীনে ভূমিকম্পে ৬১৭ জন নিহত
চীনের পশ্চিমাঞ্চলীয় চিংহাই প্রদেশে গত বুধবারের ভূমিকম্পে কমপক্ষে ৬১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ হাজারেরও বেশি। কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত সেখানে ৩১৩ জন নিখোঁজ রয়েছে। রিখটার স্কেলে ওই ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৯। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।কর্মকর্তারা বলেছেন, ইউশু কাউন্টিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, একটি ধসে পড়া স্কুলের ধ্বংসাবশেষের নিচ থেকে অন্তত ৬৬ জন শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। খবরে আরও বলা হয়, ধ্বংসস্তূপের নিচে আরও ৪০ শিক্ষার্থী আটকা পড়ে আছে। সামড্রাপ গাতসো (১৭) নামের এক কিশোর সিনহুয়াকে বলে, ‘আমার পরিবারের সদস্যসংখ্যা হলো ১০ জন। আমি মাত্র চারজনকে রক্ষা করতে পেরেছি। আমার পরিবারের অন্য সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’ তিব্বতীয় অঞ্চলে এখনো কাঠের তৈরি ভবন ও স্কুলের নিচে শিশুসহ বহু লোক চাপা পড়ে আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে উদ্ধারকর্মীরা প্রত্যন্ত এলাকায় ভয়াবহ এ ভূমিকম্পের ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া জীবিতদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। জরুরি উদ্ধার সরঞ্জাম ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে গতকাল বৃহস্পতিবারও সেনাবাহিনী এবং স্থানীয় লোকজন কোদাল ও খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালিয়েছে।বেঁচে যাওয়া লোকজন গরম কম্বল, খাবার আর ওষুধের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছে। সে দেশের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও স্বচক্ষে ত্রাণ তৎপরতা দেখার জন্য তাঁর মিয়ানমার সফর বাতিল করে গতকাল দুর্গত এলাকায় ছুটে যান। চীনের উদ্ধারকাজ-বিষয়ক বিভাগ ‘চায়না ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ’র উপপ্রধান হোউ শিক সিনহুয়াকে বলেছেন, খাড়ু এলাকা ও ঠান্ডা আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।কর্মকর্তারা বলেছেন, দুর্গত এলাকাটি সমতলভূমি থেকে গড়ে ১৩ হাজার ফুট উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত। এ কারণে ভারী উদ্ধার সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছানো যাচ্ছে না। টেলিফোন ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ৭০০ সেনাসদস্যসহ মোট পাঁচ হাজার উদ্ধারকর্মী সেখানে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় বলেছে, খোলা আকাশের নিচে থাকা লোকজনের আপাতত অবস্থানের জন্য সেখানে পাঁচ শ তাঁবু ও ওষুধপত্র পাঠানো হচ্ছে। বিমানবাহিনী বিমানে করে উদ্ধারকারী দল, প্রকৌশলী ও চিকিৎসকদের পৌঁছে দিচ্ছে। তাঁবু, কম্বল ও গরম কোট নিয়ে আরও বহর আসছে। তবে ধূলিঝড়ের কারণে তাদের সামনে এগুতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।কর্মকর্তারা বলেছেন, জিয়েগু শহরতলিতে সেখানকার প্রায় ৮৫ শতাংশ ঘরবাড়ি ভেঙে গেছে। সেখানকার একজন হোটেল ম্যানেজার বলেছেন, এলাকাটির এখনকার দশা যুদ্ধবিধ্বস্ত জনপদের মতো। সেখানে বহু লোকের হাত-পা ভেঙে গেছে। ব্যথায় তারা চিৎকার করছে। কিন্তু তাদের একটা ব্যথানাশক ইনজেকশন দেওয়ার মতো সেখানে কেউ নেই।সরকারি টেলিভিশনে বলা হয়েছে, অন্তত ৭০ লাখ মানুষ এখন রাস্তায় খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে।চীনে এর আগে ২০০৮ সালের মে মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮৭ হাজার লোক নিহত হয়েছিল।তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেছেন এবং পোপ ষোড়শ বেনেডিক্ট দুর্গতদের সঙ্গে ‘সংহতি’ প্রকাশের আহ্বান জানিয়েছেন। এদিকে ফ্রান্স, জার্মানি ও জাপানসহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করে সাহায্যের প্রস্তাব দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, যুক্তরাষ্ট্র উদ্ধারকাজে ‘সহায়তা করতে প্রস্তুত’ রয়েছে।