চীনে ভূমিধসে ১০ দিনে নিহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৪২ জন। চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানায়, ২০ জুন থেকে দেশটির ১১টি প্রদেশে শুরু হওয়া ঝড় ও ভূমিধসে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। চীনের দক্ষিণাঞ্চলে এসব প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বেশি ঘটেছে। সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় আরও জানায়, গত ১০ দিনে এসব প্রাকৃতিক দুর্যোগে চার লাখ ৪০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। এ ছাড়া হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদনে চীনের সরকারি সংবাদ সংস্থা আজ শনিবার এক খবরে জানায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ভূমিধসে চারজন নিহত ও ৩৭ জন নিখোঁজ হয়েছেন। চীনের পাহাড়ি এলাকায় প্রায়ই এ ধরনের ভূমিধসের ঘটনা ঘটে। সমালোচকদের মতে, মাটি কাটা এবং বন উজাড় করার ফলে দেশটিতে বৃষ্টির পর ভূমিধস হয়।