চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম চীনের তিব্বতীয় মালভূমিতে আজ বুধবার এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪০০ জন নিহত ও ১০ হাজার জন আহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।রিখটার স্কেলে এই ভূমিকম্প ছিল ৬.৯ মাত্রার। এ ছাড়া ভেঙে পড়া বাড়িঘরে অনেকে আটকা পড়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূল কম্পনের পরবর্তী কয়েকটি মৃদু কম্পনে কুইংহাই প্রদেশের ইয়ুশু এলাকায় ইটের বাড়িঘর ধসে পড়ে।ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল কুইংহাই প্রদেশকে তিব্বত থেকে বিভক্তকারী পাহাড়ি এলাকায়, যা তিব্বতের কামডো থেকে ২৪০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং কুইংহাই প্রদেশের গোলমাড এলাকা থেকে ৩৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। উত্পত্তিস্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।গতকাল মঙ্গলবার গভীর রাতে রিখটার স্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্প ওই এলাকায় প্রথমে আঘাত হানে। পরে আজ সকালে রিখটার স্কেলে ৬ মাত্রার কয়েকটি কম্পন হয়। এ সময় স্থানীয় অধিবাসীরা ভীতসন্ত্রস্ত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।ইয়ুশুর প্রত্যন্ত এলাকার অনেক বাসিন্দা প্রচণ্ড শীতে আশ্রয়হীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।ইয়ুশু জেলাধ্যক্ষের হাইওয়ে দপ্তরের কর্মকর্তা জি গুয়োডং মুঠোফোনে জানান, দপ্তরের লোকজন একটি ধসে পড়া ভবনের নিচ থেকে আটকে পড়া সহকর্মীদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইয়ুশুর এক সরকারি কর্মকর্তা হুয়াং লিমিন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ভূমিকম্পে বেশির ভাগ নিচু আবাসিক ভবন ভেঙে পড়েছে।তিব্বত মালভূমি এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। কিন্তু ওই এলাকায় জনবসতি কম হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও কম হয়ে থাকে।এর আগে ২০০৮ সালের মে মাসে রিখটার স্কেলে ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে সিচুয়ান প্রদেশে অন্তত ৮০ হাজার লোক মারা যায়।