চীনে সামরিক বাজেট বৃদ্ধির ঘোষণায় প্রতিদ্বন্দ্বীদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর চীন তাদের প্রতিরক্ষা বাজেট ১২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি করবে বলে দেশটির সরকারের একজন মুখপাত্র আজ শুক্রবার জানিয়েছেন। চীনের এ ঘোষণা এশিয়া অঞ্চল ও ওয়াশিংটনে উদ্বেগ সৃষ্টি করেছে। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। তবে চীন বলছে, তাদের এ সামরিক শক্তি বৃদ্ধি কোনো দেশের জন্য হুমকি হবে না। এ ছাড়া তাদের সামরিক ব্যয় যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক কম। ওই কর্মকর্তা বলেছেন, চীন ২০১১ সালে প্রতিরক্ষা ব্যয় ১২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি করবে। এর ফলে চলতি বছর এ খাতে ব্যয় বেড়ে দাঁড়াবে ৯১ দশমিক ৫ বিলিয়ন ডলার। ২০১০ সালে চীনের প্রতিরক্ষা বাজেট ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করা হয়। এ বছর তা প্রায় দ্বিগুণ হচ্ছে।দেশটির কমিউনিস্ট পার্টির বার্ষিক সম্মেলনের একদিন আগে কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘোষণা এল। ওই বার্ষিক সম্মেলনে পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হবে। এদিকে চীনের সামরিক শক্তি বৃদ্ধির এ ঘোষণায় এশিয়া অঞ্চলে তার প্রতিদ্বন্দ্বী ও ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।জাপানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, অস্বচ্ছ উপায়ে চীনের সামরিক বাহিনীর আধুনিকায়ন ও কর্মতত্পরতা বৃদ্ধি উদ্বেগের বিষয়। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকনমিস্ট ইন্টেলিজেন্টস ইউনিটের বেইজিংয়ের কর্মকর্তা ডানকান ইনেস কেইর বলেছেন, চীনের সামরিক বাহিনী যে অনেক বেশি শক্তিশালী হচ্ছে, সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তাদের সক্ষমতা সুস্পষ্টভাবে বাড়ছে। তবে বিশ্লেষকেরা বলছেন, বিতর্কিত ভূখণ্ড নিয়ে এ অঞ্চলে সামরিক সংঘাতের আশঙ্কা খুবই কম। চীনের মতো ভারতও সামরিক বাজেট বাড়িয়ে চলছে। ভারত গত সপ্তাহে তাদের সামরিক বাজেট ১১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির ঘোষণা দেয়।