চীনে সেতু ভেঙে ৩৭ জন নিহত
মধ্য চীনের একটি গ্রামে বন্যার কারণে নদীর পানি বৃদ্ধি পেয়ে একটি সেতু ধসে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায়, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন চীনের সরকারি কর্মকর্তারা।এদিকে চীনের স্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, সেতু ধসে ৩৭ জন নিহত হওয়ার নিশ্চিত তথ্য পাওয়া গেলেও এ ঘটনায় অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছে।আজ মঙ্গলবার রয়টার্স পরিবেশিত সংবাদে জানা গেছে, হেনান প্রদেশের লুয়ানচুয়ান কাউন্টির পাহাড়ি এলাকায় গত শনিবার এই সেতু ধসে পড়ে। সেতু ধসে পড়ার সময় এর ওপরে অনেক লোক অবস্থান করছিল।চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে সম্প্রতি অতিবৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত ২১ জন লোক নিখোঁজ রয়েছে। এর পাশাপাশি চীনের বিভিন্ন প্রদেশে বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টিতে মোট ৭৫০ জন লোকের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সরকারি সূত্রে জানা গেছে।—রয়টার্স