চীনে সেনাদের ভোজে অ্যালকোহল নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে সেনা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের ভূরিভোজে অ্যালকোহল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির নয়া প্রধান শি জিনপিংয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দেশটির শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশন এ ঘোষণা দিয়েছে। সামরিক বাহিনীতে দুর্নীতি রোধে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—কাজের উদ্দেশ্যে ভ্রমণের সময় সামরিক বাহিনীর জ্যেষ্ঠ সদস্যদের বিলাসবহুল হোটেলে অবস্থান, সম্ভাষণ জানাতে স্বাগত ব্যানার, লাল গালিচা, ফুল, অনার গার্ড প্রভৃতির ওপর বিধি-নিষেধ আরোপ। এ ছাড়া সেনা কর্মকর্তাদের পরিদর্শন সফর, বিদেশে সফর, বৈঠক প্রভৃতির সংখ্যা ও কাটছাঁট করার ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন বৈঠকে সেনা কর্মকর্তাদের অন্তঃসারশূন্য কথা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের অশান্তি লাঘবে সামরিক কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক কাজে ভ্রমণের সময় সাইরেনওয়ালা গাড়ি ব্যবহারের ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছে। এসবের পাশাপাশি কমিশনপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের স্ত্রী, সন্তান ও অধস্তনদের শৃঙ্খলার ওপর জোর দিয়েছে কর্তৃপক্ষ। তাঁরা যাতে ঘুষ না নেন, সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। চলতি মাসে কমিউনিস্ট পার্টির সদস্যদের জন্য এই একই নিয়ম কার্যকর করা হয়েছে। সম্প্রতি দল ও সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে চীনা কমিউনিস্ট পার্টি। এরপর দেশটির নয়া নেতৃত্ব দুর্নীতি দমনের বিষয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন।