চীনে স্কুলে ছোরাহামলাকারীদের একজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পূর্বাঞ্চলে একটি স্কুলের ২৯ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষককে ছুরিকাঘাতে আহত করার দায়ে আজ রোববার সকালে এক চীনা নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়।জু যুযুয়ান (৪৭) নামের ওই ব্যক্তি গত মাসে পূর্ব জিয়াংশু প্রদেশের তাইজিং শহরের একটি কিন্ডারগার্টেনে ছুরি হাতে প্রবেশ করে ওই হামলা চালান। তিনি ছিলেন স্থানীয় এক দোকানের মালিক। ওই হামলায় চারজন গুরুতর আহত হলেও কেউ মারা যায়নি। জু যুযুয়ানকে হত্যাপ্রচেষ্টার অপরাধে গত ২০ এপ্রিল আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।গত মার্চ মাস থেকে এ পর্যন্ত চীনের স্কুলগুলোতে একের পর এক চালানো এ ধরনের বেশ কয়েকটি হামলায় মোট ২৭ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, জু স্বীকার করে যে ব্যক্তিগত জীবনে নানাভাবে বিড়ম্বিত হওয়ার পাশাপাশি, জুয়া ও ব্যবসায় টাকা খোয়ানোর পর সমাজের বিরুদ্ধে তাঁর ক্রোধ প্রকাশ করাই ছিল ওই হামলার উদ্দেশ্য।