চীনে ২০ ‘সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীর’ কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকার দেশটির জিনজিয়াং প্রদেশে সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে কারাদণ্ড দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি জানায়, যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে অভিযুক্ত ব্যক্তিদের ওই সাজার আদেশ দেওয়া হয়েছে।অভিযুক্ত লোকজনের মধ্যে কয়েকজন আছেন, যাঁদের ওই অঞ্চলের উইঘুর সম্প্রদায়ের লোক বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশদের হত্যাচেষ্টার অভিযোগে তাঁদের অভিযুক্ত করা হয়েছে। বিবিসি জানায়, নির্বাসিত উইঘুরদের একটি গোষ্ঠী কারাদণ্ডের ঘটনাকে ‘নির্যাতনমূলক’ বলে অভিহিত করেছে। গোষ্ঠীটি আরও বলেছে, অভিযুক্ত লোকজনকে বিদেশি গণমাধ্যমের খবর শোনা এবং ভিডিও ক্লিপ শেয়ার করার জন্য হয়রানি করা হচ্ছে।বিবিসি জানায়, ওই অভিযুক্তদের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে উগ্রপন্থী ধর্মীয় নথি প্রচার করা ও ইন্টারনেটের মাধ্যমে নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা অন্যতম। অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেছিলেন কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। চীনে কমিউনিস্ট পার্টি শাসিত বিচারব্যবস্থায় এ ধরনের অভিযোগের ক্ষেত্রে মুক্তি পাওয়ার ঘটনা বিরল।বিবিসি আরও জানায়, জিনজিয়াং প্রদেশে প্রায় ৯০ লাখ উইঘুর নৃ-গোষ্ঠীর বাস, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তবে কয়েক দশকে দেশটিতে অভ্যন্তরীণ অভিবাসনের কারণে হান সম্প্রদায়ের সঙ্গে উইঘুর সম্প্রদায়ের লোকসংখ্যা প্রায় সমান হয়ে যাচ্ছে। ২০০৯ সালে হান ও উইঘুর সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। নির্বাসিত উইঘুর সম্প্রদায়ের লোকজন চীন সরকারের বিরুদ্ধে তাদের ধর্ম ও সংস্কৃতি ধ্বংসের অভিযোগ তুলেছে। তবে বেইজিংয়ের বক্তব্য, সরকার ওই অঞ্চলে শুধু উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কারণ উগ্রপন্থীরা সেখানে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।