চীনে ‘লজ্জাপ্রাচীর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাপ্রাচীরের জন্য বিখ্যাত চীনে এবার তৈরি করা হয়েছে ‘লজ্জাপ্রাচীর’। দেশটির দুর্নীতিগ্রস্ত মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের প্রতিকৃতি এঁকে টানিয়ে দেওয়া হয়েছে ওই প্রাচীর বা দেয়ালে। দুর্নীতির প্রতীক হিসেবে সব ছবি আঁকা হয়েছে গোলাপি রঙে। কারণ, চীনের ১০০ ইউয়ানের নোটের রং গোলাপি। বেইজিংয়ের একটি স্টুডিওতে ওই ‘লজ্জাপ্রাচীর’ গড়ে তুলেছেন শিল্পী ঝ্যাং বিংজিয়ান। তিনি বলেন, এই দেশে যেকোনো কিছু পেতে ঘুষ দিতে হয়। ঘুষই এখানে কথা বলে। তাই দেশের মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে তিন বছর আগে প্রচারিত একটি প্রতিবেদন দেখে তিনি এসব ছবি আঁকা শুরু করেন। ওই প্রতিবেদনে দেশটির সরকারি কর্মকর্তাদের ঘুষ নেওয়ার চিত্র তুলে ধরা হয়েছিল। বিষয়টি তাঁকে ভাবিয়ে তোলে। লজ্জাপ্রাচীরে ঠাঁই পেয়েছে দুর্নীতিবাজদের এক হাজার ৬০০টি ছবি। দেখতে শুরু করলে মনে হয়, যেন এসব ছবির শেষ নেই। এ কাজে ঝ্যাংয়ের কয়েকজন সহযোগীও রয়েছেন। চীনের সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে জনমনে রয়েছে তীব্র অসন্তোষ। দেশটিতে আগামী মাসে অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির সম্মেলন। এতে দেশটির আগামী প্রজন্মের নেতারা দায়িত্ব বুঝে নেবেন। তাঁদের জন্য সবচেয়ে কঠিন দায়িত্ব হবে দুর্নীতি নির্মূল করে জনগণের আস্থা ফিরে পাওয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে গত বছর ভুলক্রমে একটি প্রতিবেদন প্রকাশের পরপরই তা সরিয়ে নেওয়া হয়েছিল। প্রতিবেদনটিতে বলা হয়, নব্বইয়ের দশকের মধ্যভাগ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশটির ১৬ থেকে ১৮ হাজার কর্মকর্তার দুর্নীতির কারণে মোট ক্ষতির পরিমাণ কমপক্ষে ১২ হাজার কোটি মার্কিন ডলার। অর্থাত্ ওই কর্মকর্তাদের প্রত্যেকে ৬০ লাখ ডলারের দুর্নীতি করেন।দেশটির প্রভাবশালী রাজনীতিক বো শিলাইকে দুর্নীতির অভিযোগে কমিউনিস্ট পার্টি থেকে গত মাসে বহিষ্কার করা হয়। বিবিসি।