চীনের অমোঘ প্রভাব বলয়ে মিয়ানমার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন দেশটির প্রাচীন রাজধানী মান্দালয়ে গেলে খানিকটা ধন্দেই পড়ে যাবেন। শহরটির লোকজন, তাদের ভাষা, পোশাক, বাজারের পণ্য দেখে হিলারি অবাক হয়ে ভাবতেই পারেন—তিনি হয়তো চীনেরই কোনো একটি প্রদেশে হাজির হয়েছেন! এ ধরনের ভাবনার কারণও আছে যথেষ্ট। মান্দালয় শহরের সবচেয়ে বড় মার্কেট চীনা পণ্যে ভরপুর। পণ্যের বিজ্ঞাপনও চীনা। এখানকার মানুষের মুখে অহরহ উচ্চারিত হয় চায়নিজ ভাষা। তা ছাড়া চীনের অনেক আদিবাসীই এ শহরে প্রজন্মের পর প্রজন্ম বাস করছেন। কেউ কেউ হয়তো বলতে পারেন, সীমান্তবর্তী শহর হওয়ায় এখানে চীনা প্রভাব বেশি।কিন্তু এ শহরের কথা বাদ দিলেও মিয়ানমারের জাতীয় অগ্রগতিতেও চীনের প্রভাব লক্ষণীয়। মিয়ানমারে সবচেয়ে বড় বিনিয়োগকারী চীন। চীনের অর্থায়নে দেশটিতে নতুন নতুন বন্দর, সড়ক ও বাঁধ নির্মিত হচ্ছে। চলতি অর্থবছরেই দেশটিতে প্রায় ১৪ বিলিয়ন ডলার চীনা বিনিয়োগ আছে।তবে দেশ দুটির মধ্যকার সম্পর্ক সব সময় উষ্ণ ছিল না। এশিয়ার অন্যান্য দেশের মতো মিয়ানমারেও চীন-ভীতি আছে। ১৯৬০-এর দিকে দেশটিতে চীন-বিরোধী দাঙ্গাও হয়েছে।তবে ১৯৮৮ সালে গণতন্ত্রপন্থী ছাত্রদের ওপর মিয়ানমারের সামরিক জান্তার অভিযানের পর যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই মিয়ানমারের সঙ্গে চীনের উষ্ণ সম্পর্ক বাড়তে থাকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মিয়ানমার সফরের প্রেক্ষাপটে নাইপিডোর ওপর বেইজিংয়ের প্রভাবের বিষয়টি আলোচনায় এসেছে। মিয়ানমারের অনেক সাধারণ মানুষ এবং বিশ্লেষক মনে করেন, মিয়ানমারের শাসকেরা চীনের ওপর তাদের নির্ভরতা কমিয়ে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী। এ কারণেই হিলারি সেখানে উষ্ণ অভ্যর্থনা পাবেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সম্প্রতি মিয়ানমারের গণতন্ত্রে ফেরার যে প্রক্রিয়া তার প্রশংসা করেছেন। ওবামা প্রশাসন মিয়ানমারের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত রচনা করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের উষ্ণতা যতই বাড়ুক না কেন, দেশটিতে চীনের প্রভাব থাকবেই।