চীনের অর্থনীতির ধ্বংস আসন্ন!
ওয়ালস্ট্রিটে আকাশে উড়তে থাকা অনেক বড় বড় প্রতিষ্ঠান সম্পর্কে তাঁর নেতিবাচক ভবিষ্যদ্বাণী পরবর্তী সময় ফলে গেছে। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে ভবিষ্যদ্বাণী করে থাকেন জেমস ক্যানস এবং তাঁর প্রতিষ্ঠান কাইনিকস অ্যাসোসিয়েটস। বাজারে প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে এই কাইনিকস অ্যাসোসিয়েটসের। এই জেমস ক্যানস এর আগে ওয়ালস্ট্রিটে প্রতিষ্ঠান হিসেবে এনরনের ধসে পড়া নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তা মিলে গেছে। এনরন পরবর্তীকালে দেউলিয়া প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তিনি একটি প্রতিষ্ঠানের কিছু আয়-ব্যয় বা কোনো আর্থিক সূচকের ওপর এই ভবিষ্যদ্বাণী করে থাকেন। এই জেমস ক্যানস সম্প্রতি কোনো প্রতিষ্ঠান নয়, ভবিষ্যদ্বাণী করেছেন খোদ একটি বৃহত্ দেশের অর্থনীতির সম্ভাব্য পরিণতি নিয়ে; আর এই বৃহত্ অর্থনীতিটি হলো বর্তমান বিশ্বের সবচেয়ে গতিশীল অর্থনীতি গণপ্রজাতন্ত্রী চীন। চীন সম্পর্কে প্রচলিত বর্তমান ধ্যান-ধারণার বাইরে এসে জেমস ক্যানস বলেছেন, চীনের অর্থনীতি খুবই ঠুনকো কাঠামোর ওপর দাঁড়িয়ে। তিনি বলেন, এই অতি সংবেদনশীল অর্থনীতি খুব তাড়াতাড়িই ভেঙে পড়বে। তিনি মনে করেন, বেইজিং তাদের অর্থনীতি সম্পর্কে সারা পৃথিবীকে একটি ভ্রান্ত ধারণা দিয়ে থাকতে পারে। চীন তাদের অর্থনীতির যে আট শতাংশ হারে প্রবৃদ্ধি দেখায়, তাও ঠিক নয়। চীনের অর্থনীতি সম্পর্কে তাঁর এই ভবিষ্যদ্বাণী ও ধারণার মূলে রয়েছে কয়েকটি কারণ। ক্যানসের মতে, এই চীনের প্রবৃদ্ধির সবচেয়ে বড় খাত অবকাঠামো নির্মাণ ফটকা পুঁজির ওপর দাঁড়িয়ে আছে। তিনি সরাসরিই বলেছেন, ঋণের ব্যাপকতা মনে হয় বিশ্বে চীন ছাড়া আর কোনো দেশে নেই। এ ছাড়া প্রয়োজনের অতিরিক্ত উত্পাদন কোনো না কোনো সময় চীনের অর্থনীতির জন্য বিপদ বয়ে নিয়ে আসতে পারে।