চীনের আকাশ ছোঁয়ার স্বপ্ন (ভিডিও)
চীনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আকাশ দেখা এখন দায় হয়ে পড়েছে। বিভিন্ন শহরে আকাশচুম্বী ভবনের আধিক্যের ফলেই এমনটা হয়েছে। আর এসব ভবন নির্মাণে হুমড়ি খেয়ে পড়ছেন বিদেশি নির্মাতারা।বর্তমানে সাংহাইয়ের বিশ্ব বাণিজ্য কেন্দ্র ভবন কিংবা বেইজিংয়ের বিশ্ব বাণিজ্য সংস্থার ভবন দুটি বিশ্বের অন্যতম আকাশচুম্বী অট্টালিকা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। আগামী দিনগুলোতে এ ধরনের ভবনে ছেয়ে যেতে পারে চীনের আকাশ। জানা গেছে, প্রতি পাঁচ দিনে গড়ে একটি আকাশচুম্বী ভবনের কাজ শুরু হচ্ছে চীনে। আগামী কয়েক বছরে দেশটিতে ৮০০ আকাশচুম্বী ভবন নির্মাণ হবে। আর সেটি সম্ভব হলে যুক্তরাষ্ট্রের চেয়েও চারগুণ বেশি আকাশচুম্বী ভবন থাকবে মহাপ্রাচীরের দেশে। চীনে দ্রুতগতিতে আকাশচুম্বী ভবন নির্মাণ প্রসঙ্গে নির্মাতা সংস্থা রোন্যাল্ড লু অ্যান্ড পার্টনার্সের ভাইস চেয়ারম্যান ব্রায়ান্ট লু বলেন, ‘আমি মনে করি, এটা বিদ্যুত্ বেগে চলছে। ভবনের নকশা থেকে শুরু করে নির্মাণকাজ সবই খুব দ্রুতগতিতে চলছে।’রয়টার্স জানায়, এককথায় অবিশ্বাস্য। হংকংয়ের সবচেয়ে উচ্চতম ভবনটির ১১৮ তলার রিটজ কার্লটন পানশালায় উঠলে দেখা যায় পুরো দক্ষিণ চীন ছেয়ে গেছে সুউচ্চ ভবনে। এ ধরনের ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে চীনের অন্যান্য ছোট এলাকায়ও।