চীনের কাছে ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য ক্ষতিপূরণ চাইবে জাপান
কোস্টগার্ডের ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য চীনের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে জাপান। আজ সোমবার জাপানি সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় চীনের একটি মাছ ধরা জাহাজ ও জাপানি কোস্টগার্ডের দুটি জাহাজ দুর্ঘটনায় পতিত হয়। এ দুর্ঘটনায় জাপানি কোস্টগার্ডের জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জাপান চীনের মাছ ধরা জাহাজের প্রধান নাবিককে আটক করলে এশিয়ার দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে কূটনৈতিক বিরোধ চরমে পৌঁছে।গত শনিবার জাপান সরকার চীনা মাছ ধরা জাহাজের প্রধান নাবিক ঝ্যান কিসিয়ংকে মুক্তি দেয়।এদিকে চীনের কাছে ক্ষতিপূরণ দাবি করার বিষয়ে জাপানি মন্ত্রিসভা সচিব ইয়েশিতো সেঙ্গেকু বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা চাইব কোস্টগার্ডের ক্ষতিগ্রস্ত জাহাজ দুটিকে হুবহু আগের অবস্থায় ফিরিয়ে দিক চীন।’ তিনি আরও বলেন, ‘বিরোধপূর্ণ এলাকায় মাছ ধরার ব্যাপারে চীনের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে।’