চীনের খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ১৯
চীনের সিচুয়ান প্রদেশের একটি কয়লাখনির অভ্যন্তরে গতকাল বুধবার গ্যাস বিস্ফোরণে ১৯ জন খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, গতকাল সিচুয়ান প্রদেশের জিয়াওজিয়াওয়ান নামের ওই কয়লাখনির অভ্যন্তরে গ্যাস বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে অন্যান্য খনির উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা ওই কয়লাখনির ভেতর থেকে ১০৭ জন খনিশ্রমিককে উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ২৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। জিয়াওজিয়াওয়ান কয়লাখনিটি ঝেংজিন ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড কোম্পানির মালিকানাধীন। এ ঘটনায় পুলিশ খনির মালিককে জিজ্ঞাসাবাদ করবে বলে সিনহুয়ার খবরে বলা হয়।চীনের কয়লাখনিগুলো বিশ্বের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী হিসেবে পরিচিত। এসব খনির শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ নয়।তবে কয়লাখনির অভ্যন্তরে দুর্ঘটনায় মৃতের হার আগের চেয়ে কমে আসছে বলে সরকারি বিভিন্ন পরিসংখ্যানে দেখানো হয়। সিনহুয়ার বরাত দিয়ে সংশ্লিষ্ট নিরাপত্তা পর্যবেক্ষকেরা জানান, গত বছর চীনের একটি কয়লাখনির অভ্যন্তরে দুর্ঘটনায় এক হাজার ৯৭৩ জন খনিশ্রমিকের মৃত্যু হয়। এর আগে ২০১০ সালে অপর দুর্ঘটনায় মারা গিয়েছিল দুই হাজার ৬৩১ জন।