চীনের জিংজিয়ানে সংঘাত বেড়েই চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের জিংজিয়ান প্রদেশে দাঙ্গায় ৩৫ জন মারা যাওয়ার পরও ওই এলাকায় সংঘাত ক্রমে বেড়ে চলেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, আজ শনিবার শ খানেক দাঙ্গাকারী মোটরসাইকেলে চড়ে এবং হাতে তলোয়ার নিয়ে হোতান শহরটিতে চক্কর দিয়ে একটি থানায় হামলা চালিয়েছে।হোতান শহরটি উইঘুর জাতিসত্তা-অধ্যুষিত। দুদিন আগে দাঙ্গায় ৩৫ জন মানুষ প্রাণ হারানোর পর আজ থানায় হামলার ঘটনা ঘটলো। চার বছরের মধ্যে ওই এলাকায় এটাই সবচেয়ে বড় সংঘাত। চীন সরকার বলছে, হামলা ও সংঘাতে জন্য ‘সন্ত্রাসীরা’ দায়ী।জিংজিয়ান প্রদেশটির জনগণের একটি বড় অংশ উইঘুর আদিবাসী। এরা ধর্মে মুসলমান এবং তুর্কীয় ভাষায় কথা বলেন। উইঘুরদের একটি অংশের অভিযোগ চীন সরকার তাদের সংস্কৃতি, ভাষা ও ধর্মের পরিসরকে সংকুচিত করতে চায়। তবে চীন সরকারের দাবি, উইঘুরদের ব্যাপক মাত্রার স্বাধীনতা এবং ওই প্রদেশটিকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। প্রদেশটির শতকরা ৪৫ জন উইঘুর এবং ৪০ জন হান চীনা। বাকিরা বিভিন্ন ধর্মাবলম্বী। উইঘুরের সমস্যা চীনের কমিউনিস্ট পার্টির সামনে এক জলজ্যান্ত চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট শি জিংপিন গত মার্চে ক্ষমতা নিয়েছেই সব জাতি-গোষ্ঠীর ঐক্যের আহ্বান জানিয়েছেন।চীনের সংবাদপত্র ‘দ্য গ্লোবাল টাইমস’-এর বরাত দিয়ে রয়টার্স বলছে, স্থানীয় কর্তৃপক্ষ আজকের হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয় খতিয়ে দেখছে। ‘দ্য গ্লোবাল টাইমস’-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০ মানুষ হোতানের একটি বাজারে ‘ঝামেলা বাধাতে’ চাইছিল। তবে পুলিশ ওই প্রচেষ্টা বানচাল করে দিয়েছে।বিবিসি বলছে, সরকারের ভাষ্যমতে চলমান সংঘাতের শুরু এক প্রভাবশালী স্থানীয় ব্যক্তির বাড়িতে পুলিশি তল্লাশির মধ্য দিয়ে। ওই বাড়িতে অবৈধ অস্ত্র আছে, এ খবর পেয়ে পুলিশ সেখানে অনুসন্ধান চালাতে গিয়ে এক ‘সন্ত্রাসীকে’ খুঁজে পায়। এ থেকেই সংঘাত শুরু। তবে স্থানীয় লোকেরা বলছে, ওই বাড়ির মালিকের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার পুরোনো ঝামেলা ছিল। কর্মকর্তারা ওই ব্যক্তিকে দাড়ি কামিয়ে ফেলতে এবং বাড়ির নারীদের মুখ-ঢেকে রাখা পোশাক বর্জনের জন্য চাপ দিয়ে আসছিলেন। সেদিন কর্মকর্তারা গিয়ে আবারও সে কথা বলা শুরু করলে তা থেকে ঝগড়া ও বিবাদ শুরু হয়। উইঘুরদের আশঙ্কা, হান চীনারা যে হারে প্রদেশটিতে থিতু হচ্ছে, তাতে উইঘুরদের ঐতিহ্য ও সংস্কৃতি হুমকির মুখে পড়ে গেছে। তাই উইঘুরেরা যেকোনোভাবে হোক হানদের আধিপত্য খর্ব করতে চায়। তবে চীন সরকার বলছে, ব্যাপক স্বাধীনতা পাওয়ার পরও উইঘুরদের একটি অংশ বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ২০০৯ সালে জিংজিয়ানে জাতিগত দাঙ্গায় প্রায় ২০০ মানুষ প্রাণ হারায়। এদের বেশির ভাগই ছিল হান জাতির লোক।