চীনের জিনজিয়াংয়ে বোমা বিস্ফোরণে নিহত ৭
চীনের জিনজিয়াং অঞ্চলে একটি বোমা বিস্ফোরণে সাতজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইন জানিয়েছে, চীনের জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের দূরবর্তী আকসু শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।স্থানীয় সরকারের এক মুখপাত্র হাউ হানমিন জানিয়েছেন, উইঘুর সম্প্রদায়ের এক ব্যক্তি তিন চাকাবিশিষ্ট একটি গাড়িতে এসে জনতার ভিড়ের মধ্যে বোমাটির বিস্ফোরণ ঘটান। তিনি আরও জানিয়েছেন, বোমা বিস্ফোরণকারী ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।আহত ১৪ জনের সবাই স্থানীয় বাসিন্দা, তবে ১৪ জনের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।গত বছর জিনজিয়াংয়ে মুসলিম উইঘুর এবং চীনের হানদের মধ্যে জাতিগত সহিংসতার সৃষ্টি হয়েছিল।অতীতে এই জিনজিয়াংয়ে বেশ কয়েকবার বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ সময় বোমা বিস্ফোরণের জন্য সরকার বিচ্ছিন্নতাবাদী উইঘুর সম্প্রদায়কেই দায়ী করেছিল।