চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমি ধসে ১৭ জন নিহত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমি ধসে অন্তত ১৭ জন নিহত এবং কয়েক ডজন লোক নিখোঁজ হয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি আজ বুধবার এ তথ্য জানায়।গত কয়েক দিন ধরে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস সিচুয়ান ও ইউনান প্রদেশের তিনটি পল্লি এলাকার ওপর আঘাত হানে।ইউনান প্রদেশের ঝাওটং শহরের জিয়াওহেতে সৃষ্ট ভূমিধসে চারজন নিহত ও ৪২ জন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া সিচুয়ান প্রদেশে দুটি পৃথক ভূমিধসে ১৩ জন নিহত এবং দুজন নিখোঁজ হয়েছেন।এদিকে চীনের পশ্চিমাঞ্চলের কুইংহাই প্রদেশে ওয়েনকুয়ান নামে একটি জলাধার উপচে পানি প্রবাহিত হওয়ায় অন্তত ১০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি দল খাল কেটে জলাধারের পানি নিষ্কাশনের চেষ্টা করছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণে এ অবস্থার সৃষ্টি হয়।চীনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সৃষ্ট দুর্ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ। এ বছর দেশটিতে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি।সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, ৮ জুলাই থেকে এ পর্যন্ত মধ্যচীন ও চীনের পূর্বাঞ্চলে ইয়াংসি নদীর আশপাশের অঞ্চলগুলোতে ভারী বর্ষণের ফলে অন্তত ৪২ জন নিহত এবং ১৮ জন নিখোঁজ হয়েছেন।সিনহুয়া আরও জানায়, উদ্ধারকর্মীরা ইতিমধ্যে ভূমিধসে আক্রান্ত এলাকায় কাজ শুরু করেছেন এবং জিয়াওহেতে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।