চীনের দিকে ঝুঁকছে নিরুপায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী জঙ্গিদের নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে পাকিস্তানের। দীর্ঘদিনের এই বন্ধুকে আর বিশ্বাস করতে পারছে না যুক্তরাষ্ট্র। নিরুপায় পাকিস্তান তাই এখন তার পরীক্ষিত বন্ধু চীনের মুখাপেক্ষী। অন্যদিকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য চীনের সাহায্য চায় যুক্তরাষ্ট্রও।হাক্কানী জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার আইএসআই-এর সম্পর্ক এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা হাক্কানী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বললেও পাকিস্তান তা খারিজ করে দিয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততা চরমে পৌঁছেছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি রয়টার্সকে বলেছেন, হাক্কানীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একতরফা সামরিক ব্যবস্থা নিলে তা হবে তাঁর দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের বিদায়ী চেয়ারম্যান মাইক মুলেন গত সপ্তাহে অভিযোগ করেন, হাক্কানী জঙ্গি গোষ্ঠী আসলেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর শাখা। ১৩ সেপ্টেম্বর কাবুলে মার্কিন দূতাবাসে এই গোষ্ঠীর হামলার পিছনে ইসলামাবাদের মদদ ছিল। প্রধানমন্ত্রী গিলানি এ সম্পর্কে বলেন, এ ধরনের নেতিবাচক মন্তব্য পাকিস্তানের মানুষের জন্য বিব্রতকর। তিনি বলেন, ‘এ ধরনের কথাবার্তা আমাদের বন্ধুত্বের জন্য উপযোগী নয়। স্বাভাবিকভাবেই এ দেশের মানুষকে বোঝানো কঠিন হয়ে পড়ে। সে জন্য তাদের উচিত ইতিবাচক কথাবার্তা বলা।’মুলেনের মন্তব্যের পর মুখ খোলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হীনা রাব্বানি খার। শুরু কূটনৈতিক পর্যায়ে পাল্টা আক্রমণ। পাকিস্তানের কর্মকর্তারা প্রকাশ্যে চীনের ব্যাপক প্রশংসা শুরু করেন। এরই মধ্যে কাকতালীয়ভাবে ইসলামাবাদে আসেন চীনের নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী মেং জিয়ানঝু।চীনা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গতকাল মঙ্গলবার ইউসুফ রাজা গিলানি বলেন, ‘আমরা পরস্পরের প্রকৃত বন্ধু এবং এর মর্যাদা দিয়ে থাকি।’পাকিস্তানের প্রতি চীনের ‘দ্বিধাহীন সমর্থনের’ জন্য ধন্যবাদ জানান সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি।পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক হাসান আসকারি রিজভি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ প্রশমনের জন্য পাকিস্তান কূটনৈতিক প্রয়াস চালাচ্ছে। পাকিস্তান আশা করছে, এই সংকট মোকাবিলায় চীন তাদের সাহায্য করবে।যুক্তরাষ্ট্র হঠাত্ করে পাকিস্তানের সমালোচনায় মুখর হয়ে উঠল কেন এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী গিলানি বলেন, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার কথা যুক্তরাষ্ট্রের। তার আগে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ফলাফলের হতাশার প্রতিফলন যুক্তরাষ্ট্রের এই বক্তব্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আরও ভালো ফল আশা করেছিল। কিন্তু তারা এখনো সে জায়গায় পৌঁছাতে পারেনি। আফগানিস্তানে কোনো ধরনের অন্তর্ঘাতের কথা উড়িয়ে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের স্বার্থেই স্থিতিশীল আফগানিস্তান জরুরি।তবে বিশ্লেষকেরা বলছেন, আফগানিস্তানে ক্রমবর্ধমান ভারতীয় প্রভাব মোকাবিলায় হাক্কানী গোষ্ঠীকেই ভরসা বলে মনে করছে পাকিস্তান।এদিকে জঙ্গিদের ব্যাপারে পাকিস্তানের নীতিকে প্রভাবিত করতে না পারায় যুক্তরাষ্ট্র যারপরনাই হতাশ। তাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিচাই-এর সঙ্গে বৈঠকের সময় হিলারি ক্লিনটন পাকিস্তান নিয়ে আলোচনার জন্য অনুরোধ করেন।বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের জনপ্রিয়তা অনেক বেশি। যেখানে পাকিস্তানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে সেখানে পাকিস্তানের শাসকদের মুখে চীনের প্রশংসা ঝরে পড়ছে। আর এই বিশ্বাসও সাধারণ পাকিস্তানিদের মধ্যে দৃঢ় হয়েছে যে, শীতল যুদ্ধের পরে ভারতের দিকে ঝুঁকে পড়েছে যুক্তরাষ্ট্র।সাধারণ মানুষের কথার প্রতিফলন প্রধানমন্ত্রী গিলানির মুখেও। তিনি বলেন, ‘পাকিস্তান তীব্র বিদ্যুত্ সংকটে ভুগছে। এ জন্য সহিংস ঘটনা ঘটছে। বিরোধীরা পার্লামেন্ট গরম করে ফেলছে। অথচ যুক্তরাষ্ট্র বেসামরিক পারমাণবিক বিদ্যুত্ উত্পাদনের পাকিস্তানের সঙ্গে চুক্তিতে রাজি হচ্ছে না। এদিকে ঠিকই ভারতের সঙ্গে একই চুক্তি করছে। তাহলে আমি কীভাবে দেশের মানুষকে বোঝাব যে ওরা আমাদের বন্ধু, ভারতের নয়। বিবেচনা বলে একটা কথা তো আছে।’এদিকে আন্তর্জাতিক উদ্বেগ উপেক্ষা করে চীন ঠিকই বেসামরিক পারমাণবিক বিদ্যুত্ উত্পাদনের জন্য দ্বিতীয় রিঅ্যাক্টর বসাচ্ছে পাকিস্তানে। গভীর সমুদ্র বন্দর নির্মাণেও বন্ধু পাকিস্তানকে সব ধরনের সাহায্য করছে চীন।