চীনের নেতৃত্বে আসছেন শি ও লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সম্মেলন আজ বুধবার শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দলটির নতুন শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে। প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের পরিবর্তে শি জিনপিং ও লি কেকিয়াংয়ের আগমনের বিষয়টি প্রায় নিশ্চিত হয়েছে। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বেইজিংয়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে দুই হাজার ২৭০ জন প্রতিনিধি দলের নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচনে ভোট দিয়েছেন। এ কমিটি আগামীকাল সিপিসির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ (পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি) অনুমোদন দেবে।প্রেসিডেন্ট হু জিনতাও সমাপনী বক্তৃতায় বলেছেন, প্রতিনিধিরা তরুণ নেতাদের নির্বাচিত করেছেন। তাঁরা পুরোনো নেতাদের স্থলাভিষিক্ত হবেন।শি জিনপিং চীনের কমিউনিস্ট পার্টির প্রধান এবং লি কেকিয়াং উপপ্রধান হতে পারেন বলে আশা করা হচ্ছে। পরে হু জিনতাওয়ের স্থলাভিষিক্ত হয়ে চীনের প্রেসিডেন্ট পদ গ্রহণ করতে পারেন শি। অপরদিকে ওয়েন জিয়াবাওয়ের কাছ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন লি কেকিয়াং।শি ও লি উভয়ই পার্টির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বলে চীনা বার্তা সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে।সিপিসির নেতৃত্বে সর্বশেষ পরিবর্তন আনা হয়েছিল ১০ বছর আগে। এর পর এক দশকে চীন অনেক নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। সিপিসির সম্ভাব্য নতুন নেতারা কট্টরপন্থা, নাকি ব্যতিক্রমী সংস্কারপন্থা বেছে নেবেন, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।