চীনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪৪-এ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের চিংহাই প্রদেশে বুধবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৪৪-এ দাঁড়িয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪১৭ জন নিখোঁজ রয়েছে। এ ভূমিকম্পে ১১ হাজার ৭৪৪ ব্যক্তি আহত হয়েছে। হাজার হাজার গৃহহীন মানুষ তীব্র শীতে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। শুক্রবার থেকে হিমালয়ের পাদদেশের এ দুর্গম অঞ্চলে ধ্বংসস্তূপ পরিষ্কার করে উদ্ধারকাজ ত্বরান্বিত করার জন্য বিভিন্ন ভারী যন্ত্রপাতি পৌঁছাতে শুরু করেছে। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, দুর্গত এলাকায় তাঁবু, ওষুধপত্র, শুকনো খাদ্যসহ বিভিন্ন ত্রাণসামগ্রী পৌঁছালেও তা পর্যাপ্ত নয়। সেনাবাহিনীর সদস্য, সাধারণ জনগণ, বৌদ্ধ ভিক্ষু ও অন্য স্বেচ্ছাসেবকেরা উদ্ধার কর্মকাণ্ডে অংশ নিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করা ও দুর্গতদের সাহায্য করার কাজ চালিয়ে যাচ্ছেন। চিংহাই প্রদেশটি দুর্গম তিব্বতীয় মালভূমি এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে ত্রাণসামগ্রী পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানা গেছে।বিবিসি অনলাইন জানিয়েছে, এক প্রাথমিক হিসাব অনুযায়ী প্রদেশটির ইউশু কাউন্টিতেই ১৫ হাজার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এদিকে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়া বাও ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার পুনর্গঠনের জন্য সম্ভব সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘চিংহাইয়ের জনগণ এ দুর্যোগ সাহসের সঙ্গে মোকাবিলা করবে। এর পাশাপাশি এ দুর্যোগ জাতীয় ঐক্য গঠনেও ভূমিকা রাখবে।’