চীনের কারাবন্দী ভিন্নমতাবলম্বী নেতা লিউ সিয়াওবো শান্তিতে এবারের নোবেল পুরস্কার লাভ করেছেন। গতকাল শুক্রবার নরওয়ের রাজধানী অসলোয় নরওয়েজিয়ান নোবেল কমিটি এ পুরস্কারের কথা ঘোষণা করে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, সাবেক সোভিয়েত ইউনিয়নের আন্দ্রে শাখরভ ও পোল্যান্ডের লেস ওয়ালেসার পর লিউ কারাবন্দী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন।নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রেসিডেন্ট থর্বজোয়ার্ন জাগল্যান্ড বলেন, চীনে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সময় ধরে অহিংস আন্দোলনের জন্য লেখক ও অধ্যাপক লিউ সিয়াওবোকে এ পুরস্কারে ভূষিত করা হলো। তিনি বলেন, নোবেল কমিটি বিশ্বাস করে, মানবাধিকার ও শান্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।অসলোয় এ ঘোষণার পর চীন অভিযোগ করেছে, লিউ সিয়াওবোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া এ পুরস্কারের মূল চেতনার পরিপন্থী। এতে অসলোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের অবনতি হতে পারে বলেও হুমকি দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাতিগত সম্প্রীতি, আন্তর্জাতিক সম্পর্ক, নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ পুরস্কারে ভূষিত করা হবে। এটাই শান্তিতে নোবেল পুরস্কারের মূল চেতনা। কিন্তু লিউ আইন লঙ্ঘন করায় চীনা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। তার পরও তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।নরওয়ে জানায়, লিউকে পুরস্কার দেওয়ার বিষয়ে অসন্তোষ জানাতে বেইজিংয়ে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে। একই সঙ্গে অসলোয় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কারজয়ী লিউকে অবিলম্বে মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন শান্তিপূর্ণ ও অহিংস উপায়ে মানবাধিকার প্রতিষ্ঠায় লিউ দারুণ সাহস দেখিয়েছেন।’ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও লিউকে ‘সাহসী মানুষ’ উল্লেখ করে তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।এদিকে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিউ সিয়াওবোসহ ভিন্নমতাবলম্বী সব কারাবন্দীকে মুক্তি দিতে গতকালই চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।৫৪ বছর বয়সী লিউকে গত বছরের ডিসেম্বরে ১১ বছরের কারাদণ্ডাদেশ দেন চীনা আদালত। ২০০৮ সালের ‘চার্টার ২০০৮’ শিরোনামে একটি মেনিফেস্টো প্রকাশ করার দায়ে তাঁকে এ শাস্তি দেওয়া হয়। মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার প্রতিষ্ঠা ও সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চীনের ৩০০ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও লেখক ওই মেনিফেস্টোতে স্বাক্ষর করেছিলেন। গণতন্ত্রকামী নেতা লিউ ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে ছাত্র আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় লিউ সিয়াওবোর স্ত্রী লিও সিয়া বলেন, ‘আমি অভিভূত, প্রতিক্রিয়া জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।’ তিনি বলেন, ‘আমি নোবেল কমিটি, দালাই লামা ও লিওর সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে লিউকে অবিলম্বে মুক্তি দিতে চীনা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’১৯৮৯ সালের জুন মাস থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে চার দফায় কারাভোগ করেন লিউ। সর্বশেষ ২০০৯ সালের ডিসেম্বরে তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।লিউ সিয়াওবো ১৯৫৫ সালের ২৮ ডিসেম্বর চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে জিলিন বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে যোগ দেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৮৮-৮৯ সালে তিনি চীনের বাইরে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, অসলো বিশ্ববিদ্যালয়, হাওয়াই বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার ছিলেন। এএফপি, রয়টার্স, বিবিসি, সিএনএন ও টেলিগ্রাফ।