চীনের সঙ্গে সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সঙ্গে চীনের তিনটি বন্দরের সরাসরি কনটেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে। নতুন এই সেবা চালু হওয়ায় আমদানি-রপ্তানিকারকদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে বলে জানিয়েছেন জাহাজ কোম্পানির কর্মকর্তারা।কর্তৃপক্ষ বলেছে, ১৯৭৭ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনার পরিবহন শুরু হওয়ার পর চীনের সঙ্গে এই প্রথম সরাসরি কনটেইনার জাহাজ চলাচল সেবা চালু হয়েছে। এত দিন চীনসহ সারা বিশ্ব থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা-নেওয়া হতো সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার তানজুম পালাপাস ও পোর্ট কেলাং বন্দরের মাধ্যমে। জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে জাহাজ কোম্পানি পিআইএল (বাংলাদেশ) লিমিটেড এই সেবা চালু করেছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি জাহাজ কোম্পানি নতুন এই সেবা চালুর চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে। জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, চীনের সাংহাই, নিংবো ও নানসা বন্দর থেকে গত বুধবার ১২০০ একক কনটেইনার বোঝাই করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এমভি হানসা সেঞ্চুরিয়ান নামে একটি জাহাজ। জাহাজে থাকা পণ্যের মধ্যে পোশাকশিল্পের কাঁচামাল এবং ইলেকট্রনিকসামগ্রী রয়েছে। জাহাজের ধারণক্ষমতা ১৬৫০ একক কনটেইনার। জাহাজটি পরিচালনা করছে পিআইএল (বাংলাদেশ) লিমিটেড। পিআইএল (বাংলাদেশ) লিমিটেডের এ দেশীয় পরিচালক ক্যাপ্টেন রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগে চীন থেকে কনটেইনারভর্তি পণ্য আমদানি-রপ্তানিতে সময় লাগত ২৫ থেকে ২৮ দিন। এখন সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় সময় লাগবে ১১-১২ দিন। খরচও সাশ্রয় হবে আমদানি-রপ্তানিকারকদের।চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে চীন থেকে প্রায় ৪৪০ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি হয়। একই সময়ে রপ্তানি হয় ১৪ কোটি মার্কিন ডলারের পণ্য। দ্বিপক্ষীয় বাণিজ্যের এই হার প্রতিবছরই বাড়ছে। দুই দেশের পণ্য আমদানি-রপ্তানির সিংহভাগই হয় মূলত কনটেইনারে। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় জাহাজে করে বাংলাদেশমুখী কনটেইনার সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার চার বন্দরে নামিয়ে রাখা হয়। এরপর এসব বন্দর থেকে ছোট আকারের জাহাজে (ফিডার ভেসেল) করে সেগুলো চট্টগ্রাম ও মংলা বন্দরে আনা হয়। একইভাবে চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে ওই চার বন্দরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি কনটেইনার পরিবহন হয়। চট্টগ্রাম বন্দরের বার্থের গভীরতার সীমাবদ্ধতার কারণে সরাসরি বড় আকারের কনটেইনার জাহাজ জেটিতে ভিড়তে পারে না। চীনের সঙ্গে চট্টগ্রামে যেসব কনটেইনার জাহাজ চলাচল করবে, সেগুলোও মাঝারি আকারের জাহাজ। তবে খোলা পণ্যবাহী বড় জাহাজ থেকে বহির্নোঙরে পণ্য খালাসের সুযোগ থাকায় চট্টগ্রাম বন্দর দিয়ে এসব বড় জাহাজ চলাচল করছে। চট্টগ্রাম বন্দরের তৈরি করা এক প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রাম বন্দর দিয়ে যত কনটেইনার জাহাজ চলাচল করে তার ৬৬ শতাংশই আসা-যাওয়া করে সিঙ্গাপুর বন্দর থেকে। এরপর চট্টগ্রাম থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ১৬ শতাংশ, চট্টগ্রাম থেকে মালয়েশিয়ার তানজুম পালাপাস বন্দরে ১৩ শতাংশ এবং পোর্ট কেলাংয়ে পাঁচ শতাংশ জাহাজ চলাচল করে। সিঙ্গাপুর বন্দরের মাধ্যমে আসা কনটেইনারের বেশির ভাগ আসছে চীন থেকে।চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন এই সেবা পুরোদমে চালু হলে সময় ও খরচ সাশ্রয় হবে আমদানি-রপ্তানিকারকদের। পিআইএল ছাড়াও এমসিসি এবং কসকো শিপিং নতুন এই সেবা চালুর চিন্তাভাবনা করছে বলে তিনি জানান।নতুন এই সেবা ইতিবাচক হিসেবে দেখছেন অন্যতম বন্দর ব্যবহারকারী বিজিএমইএ। সংগঠনের প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, তৈরি পোশাক শিল্পের ফেব্রিকসের অন্তত ৭০ শতাংশই কনটেইনারে করে চীন থেকে আমদানি হয়। এই সেবা পুরোদমে শুরু হলে সময় সাশ্রয় হবে। তবে প্রতি সপ্তাহে একাধিক জাহাজ আসা-যাওয়া করলে ফল পাওয়া যাবে বেশি।