চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সরকার মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে চায়। তিনি চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ এবং বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে দেশটির সহযোগিতা কামনা করেছেন।আজ বৃহস্পতিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে চীনা কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত মধ্যাহ্ন-ভোজে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য এবং পার্টির বেইজিং শাখার সাধারণ সম্পাদক লিউ শির নেতৃত্বে ২৭ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছেন। প্রতিনিধিদলের সদস্যরা আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর সঙ্গেও তাঁরা দেখা করেন।সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর চীন সফরের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী এবং আমি যখন চীন সফরে গিয়েছিলাম, তখন আমরা মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশে সড়ক এবং রেলপথে যোগাযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছিলাম। গতকাল বুধবার রাতে নৈশভোজে চীনা প্রতিনিধিদলের প্রধান লিউ শি এ ব্যাপারে তাঁর সমর্থন জানিয়েছেন।’সৈয়দ আশরাফ এক চীননীতিতে বাংলাদেশের সমর্থন ব্যক্ত করে বলেন, ‘আমরা চীনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে সম্পূর্ণ বিশ্বাসী এবং তিব্বতকে চীনের অংশ বলেই মনে করি।’আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এবং যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন চীনকে তাঁর দ্বিতীয় বাড়ি উল্লেখ করে বলেন, ‘মন্ত্রী হওয়ার আগে আমি প্রায়ই চীন সফরে যেতাম। কিন্তু মন্ত্রী হওয়ার পর এই ভ্রমণের কিছু ব্যত্যয় ঘটেছে।’ তিনি বাংলাদেশের উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে চীনা সহায়তার কথা স্মরণ করে বলেন, ‘আশা করি আগামী দিনে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নির্দেশে তিনি চীন ও বাংলাদেশের সম্পর্কোন্নয়নে সাধ্যমতো কাজ করে যাওয়ার কথাও উল্লেখ করেন যোগাযোগমন্ত্রী।চীন প্রতিনিধিদলের নেতা লিউ শি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বাংলাদেশের উন্নয়নে চীন কাজ করে যেতে ইচ্ছুক মন্তব্য করে তিনি চীনা কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিউ শির হাতে দলীয় প্রতীক নৌকা এবং কিছু উপহার সামগ্রী তুলে দেন।অনুষ্ঠানে ঢাকা নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মোস্তফা কামাল, আওয়ামী লীগের নেতাদের মধ্যে মাহবুব-উল-আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাশ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।