চীনের সহযোগিতা কেবল আলোচনায় সীমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত আশ্বাসের পরও সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের সহযোগিতার ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই। সহযোগিতা শুধু আলোচনায়ই সীমিত।গত বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের সময় বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তোলা হয়েছিল। এ সময় ইতিবাচক মনোভাব দেখায় চীন। এ নিয়ে একটি যৌথ কমিটি গঠনের কথা ছিল। প্রায় এক বছর তাগিদ দেওয়ার পর অবশেষে চীনের পক্ষ থেকে কেবল আলোচনার জন্য একটি প্রতিনিধিদল পাঠানোর কথা জানানো হয়েছে।এ ব্যাপারে নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সহযোগিতার বিষয় নিয়ে কীভাবে এগোনো যায় তা নিয়ে গত আগস্টে চীনের কাছে চিঠি পাঠানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে চীনের একটি প্রতিনিধিদল ২৯ মে ঢাকায় আসছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, গভীর সমুদ্রবন্দর নির্মাণে দুই দেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।তবে বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ খানিকটা ভিন্নমত জানিয়ে গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে চীনের আগ্রহ আছে। সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার জন্য চীনের একটি প্রতিনিধিদল ঢাকায় যাবে। শ্রীলঙ্কা ও মিয়ানমারে গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহযোগিতা দেওয়ার পর বাংলাদেশের ব্যাপারে চীনের আগ্রহ কম কি না, জানতে চাইলে নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার বলেন, ‘এমন কোনো আভাস এখনো আমরা চীনের কাছ থেকে পাইনি।’ তিনি আরও বলেন, সমুদ্রবন্দর নির্মাণ একটি বৃহদায়তনের প্রকল্প, যেখানে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা লাগতে পারে। আর এ প্রকল্পের নকশাসহ আনুষঙ্গিক পরামর্শের জন্য খরচের পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কাজেই কাজটি এমনভাবে শুরু করতে চাই না, যাতে মাঝপথে মুখথুবড়ে পড়তে হয়। তাই অন্যদের সহযোগিতা পাওয়ার আগে নিজেদের প্রস্তুতি সারতে চাই।কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাজনৈতিক নয়, অর্থনৈতিক কারণেই এ মুহূর্তে গভীর সমুদ্রবন্দর নির্মাণে চীনের আগ্রহ কম। ইতিমধ্যেই চীন শ্রীলঙ্কার হামবানতোতা ও মিয়ানমারের কিয়াকপিউতে দুটি গভীর সমুদ্রবন্দর নির্মাণে অর্থায়ন করেছে। দক্ষিণ এশিয়ার এ দুটি বন্দর নির্মিত হলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে চীনে পণ্য পরিবহন সুগম হবে। এ অবস্থায় বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থায়নের যৌক্তিকতা নিয়ে চীন ভাবছে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরে অবস্থিত গভীর সমুদ্রবন্দর নির্মাণে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ১০ লাখ ডলার, যার ৮৫ শতাংশ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। এদিকে ইয়াংগুনের ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কিয়াকপিউতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর নির্মাণের মূল লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে চীনে জ্বালানি তেল পরিবহন করা। দুই দেশের পরিকল্পনা অনুযায়ী, ট্যাংকারে নিয়ে আসা জ্বালানি তেল প্রায় এক হাজার ১০০ কিলোমিটারের পাইপলাইনের সাহায্যে কিয়াকপিউ থেকে চীনের কুনমিংয়ে নেওয়া হবে। প্রসঙ্গত, জাপানের প্যাসিফিক ইন্টারন্যাশনালের সহায়তায় ইতিমধ্যেই গভীর সমুদ্রবন্দর নির্মাণের স্থান নির্ধারিত হয়েছে মহেশখালীর সোনাদিয়ায়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সরকার প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ও চারটি সাধারণ কার্গো জেটি নির্মাণ করবে। সোনাদিয়ায় নির্মিতব্য গভীর সমুদ্রবন্দর ১৪ থেকে ১৮ মিটার গভীর করার কথা রয়েছে। ঋণ মওকুফ হয়নি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের সময় স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশকে দেওয়া সব ঋণ চীন সুদসহ মওকুফ করবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইআরডির কর্মকর্তারা জানান, হিসাবের মিল না থাকায় বিষয়টি ঝুলে আছে। ব্যাখ্যা করে এক কর্মকর্তা বলেন, চীন যে পরিমাণ টাকা মওকুফের কথা জানিয়েছে, তার সঙ্গে বাংলাদেশের হিসাব মিলছে না। তবে হিসাবের গরমিল সামান্যই। এরপরও ১৩ মাস ধরে বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে। চীনের দিক থেকে বিষয়টি সমাধানে তেমন আগ্রহ নেই বলে ওই কর্মকর্তার অভিমত। সমরাস্ত্র আসছে: নৌবাহিনীর আধুনিকায়নে চীনের কাছ থেকে তিনটি হেলিকপ্টারসহ দুটি ফ্রিগেট কেনার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ প্রস্তাবেও ইতিবাচক মনোভাব দেখিয়েছিল চীন। জানা গেছে, ফ্রিগেট কেনার ব্যাপারে অগ্রগতি না থাকলেও চীনের কাছ থেকে অন্য ধরনের সমরাস্ত্র কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনীর জন্য কয়েকটি ট্যাংকের পাশাপাশি বিমানবাহিনীর জন্য কয়েকটি জঙ্গিবিমান কেনা হচ্ছে।