চীনের সাথে স্থিতিশীল ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক চায় ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস এম কৃষ্ণা গতকাল শুক্রবার বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম দিক হলো চীনের সাথে স্থিতিশীল এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। ভারত মনে করে এর মধ্যদিয়ে এ অঞ্চলে স্থিতিশীলতা আসবে এবং সমৃদ্ধি অর্জন হবে।কৃষ্ণা জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণের জন্য এখন নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আইভি লীগ ইনস্টিটিউটে ‘একুশ শতকে ভারতের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য’ শীর্ষক এক ভাষণে বলেন, একুশ শতকে ভারতের নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য এশিয়া, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা একান্ত প্রয়োজন।তিনি বলেন, গত কয়েক দশকে এশিয়ার যে বিস্ময়কর অর্জন সাধিত হয়েছে, তা ‘শক্তিশালী দেশগুলোর মধ্যে শত্রুতা, উগ্র জাতীয়তাবাদের বিকাশ এবং অস্ত্র প্রতিযোগিতার’ মধ্য দিয়ে মিলিয়ে যেতে পারে। তিনি বলেন, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গভীর অর্থনৈতিক বিকাশ, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা তৈরি এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ভারত যে কোন ধরনের বিশৃঙ্খলাকে এড়াতে চায়।’যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বিষয়ে কৃষ্ণা বলেন, নয়া দিল্লি ভবিষ্যতের কয়েক দশকের কথা হিসেব করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছে। এর প্রধান দিক হলো, ভারতের নিজের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে কাজ করা এবং অভিন্ন লক্ষ্য অর্জনে দুই দেশের বন্ধনকে দৃঢ় করা।