চীনের সামরিক প্রযুক্তি মার্কিন বাহিনীর জন্য চ্যালেঞ্জ: গেটস
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক প্রযুক্তি মার্কিন বাহিনীর জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস। চীন সফর শেষে জাপান পৌঁছে গতকাল শুক্রবার তিনি এ মন্তব্য করেন।গেটস আরও বলেন, এ অঞ্চলে চীনের আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণে মার্কিন সেনা উপস্থিতি অপরিহার্য । বিশ্লেষকদের মতে, চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগে রবার্ট গেটসের এমন মন্তব্য দেশ দুটির মধ্যে বিরাজমান রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে। ১৯ জানুয়ারি রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র আসছেন চীনা প্রেসিডেন্ট হু জিনাতাও।হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, হু জিনতাওয়ের এই সফরে ওবামা দেশ দুটির মধ্যকার ভূ-রাজনৈতিক সমস্যা; বিশেষত ইরান ও উত্তর কোরিয়া প্রসঙ্গ এবং পারস্পরিক বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন।এদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী গত বৃহস্পতিবার বলেছেন, বাজার উন্মুক্তকরণ এবং অধিকতর ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠায় চীন তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গেটস সতর্ক করে বলেন, সাইবার ক্ষেত্রে এবং স্যাটেলাইট বিধ্বংসী যুদ্ধপ্রযুক্তিতে চীনের সামরিক বাহিনীর অগ্রগতি এশিয়া অঞ্চলে মার্কিন বাহিনীর শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। রবার্ট গেটস জাপানের সঙ্গে মার্কিন সামরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। জাপানে বর্তমানে ৪৯ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। গেটস বলেন, জাপানে মার্কিন সেনাদের ব্যাপক উপস্থিতি না থাকলে চীন এ অঞ্চলে তার প্রতিবেশীদের সঙ্গে আগ্রাসী আচরণ করতে পারে। রয়টার্স।