চুক্তি করেও চাল দেননি চালকলের মালিকেরা, মজুদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকল-মালিকদের কাছ থেকে চাল পাচ্ছে না সরকার। তাঁদের সঙ্গে প্রায় ২১ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের চুক্তি করে সরকার পেয়েছে নয় হাজার টনের কিছু বেশি। সরকারকে না দিয়ে তাঁরা নিজেরা মজুদ করেছেন বলে অভিযোগ উঠেছে।গত রোববারের মধ্যে চালকল-মালিকদের এই পরিমাণ চাল সরবরাহের কথা ছিল। চাল না পাওয়ায় আমন সংগ্রহ অভিযান কার্যত ব্যর্থ হয়েছে। তবে খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাল সরবরাহের জন্য কল-মালিকেরা আরও ১৫ দিন সময় বাড়ানোর আবেদন করেছেন।এবার সরকার তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। চালকল-মালিকদের সঙ্গে করা চুক্তির বাইরে খাদ্য অধিদপ্তর নিজেরা সরাসরি কৃষকের কাছ থেকে চাল বা ধান কেনার উদ্যোগ নেয়নি এবার। ফলে নির্ধারিত সময়সীমার পর লক্ষ্যমাত্রার সামান্যই সংগ্রহ করা গেছে।তবে সরকার লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা প্রথম আলোকে বলেন, ‘কল-মালিকেরা চাল সংগ্রহের অভিযানের সময়সীমা ১৫ দিন বাড়ানোর আবেদন করেছেন। এ সময়ের মধ্যে বাকি চাল সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করছি।’ খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে প্রায় দুই হাজার চালকল- মালিক ২২ টাকা কেজি দরে আমনের চাল সরবরাহের লক্ষ্যে সরকারের সঙ্গে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কল-মালিকদের ২০ হাজার ৬৫৪ টন চাল সরবরাহের কথা। কিন্তু এখন পর্যন্ত মাত্র নয় হাজার ৯৮৬ টন চাল সরবরাহ করেছেন তাঁরা। অনেক কল-মালিক চুক্তি করেও কোনো চাল সরবরাহ করেননি। অভিযোগ উঠেছে, কল-মালিকেরা সরকার-নির্ধারিত দরে চাল না দিয়ে মজুদ করায় বাজারে সংকট তৈরি হয়েছে। ফলে দামও বেড়েছে। দেশে প্রায় ১৭ হাজার চালকল রয়েছে।খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমন ও বোরোর মাঝখানে দুই মাস মজুদ করার প্রবণতা বেশি থাকে। বাজারেও এ সময় কিছুটা সংকট হয়। সে জন্য সরকার আপত্কালীন ঝুঁকি মোকাবিলায় অভ্যন্তরীণ উত্স থেকে সংগ্রহ ও আমদানি করে। কিন্তু অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযানের শুরুটা ভালো হলো না এবার।অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা অনুসারে, চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করলে সংশ্লিষ্ট কল-মালিকের চুক্তির সময় দেওয়া নিরাপত্তা-জামানত জব্দ করা যাবে। এমনকি সংশ্লিষ্ট কল-মালিককে কালো তালিকাভুক্ত এবং তাঁদের লাইসেন্স বাতিল করারও নিয়ম আছে।কুষ্টিয়ার হরিপুর রাইস মিলের স্বত্বাধিকারী লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, তাঁর সঙ্গে ২৫ টন চাল দেওয়ার চুক্তি হয়েছিল। তিনি এক টনও দিতে পারেননি। হঠাত্ করে বাজারদর আট টাকা বেড়ে যাওয়ায় চাল দেওয়া যায়নি বলে তিনি জানান। একই কারণ দেখান জয়পুরহাটের বারী অটো রাইস মিলের স্বত্বাধিকারী আমিনুল বারী। ৮০ টন চালের পরিবর্তে তিনি দিয়েছেন ৪০ টন।চালকল-মালিকদের দাবি, সরকার-নির্ধারিত দরের চেয়ে বাজারে দর বেশি হওয়ায় এবং চাল সংগ্রহের নীতিমালা সংশোধন করায় ব্যবসায়ীরা কিছুটা পিছুটান দিয়েছেন। সংশোধিত নীতিমালায় বলা হয়, কল-মালিকেরা যে চাল সরবরাহ করবেন, এর ৪০ শতাংশ সরকার-নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে সরাসরি কিনে সরবরাহ করতে হবে। এ নিয়ে শুরুতেই চালকল-মালিকদের সঙ্গে খাদ্য বিভাগের কিছুটা দূরত্ব তৈরি হয়। এর ফলে অনেক চালকল-মালিক চুক্তি করতেই আসেননি। স্বেচ্ছায় যাঁরা চুক্তি করেছিলেন, তাঁরাও শর্ত অনুযায়ী চাল সরবরাহ করেননি।বিভাগওয়ারি সংগ্রহ: খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগেই সবচেয়ে বেশি চালকল রয়েছে। আমন সংগ্রহের লক্ষ্যমাত্রার অর্ধেক, অর্থাত্ এক লাখ ৬৩ হাজার টন চাল এই বিভাগ থেকে সংগ্রহ করার কথা ছিল। কিন্তু কল-মালিকেরা সাড়া না দেওয়ায় চুক্তি হয় ১২ হাজার টন চাল সংগ্রহের। এক হাজার ৮৫০টি চালকলের সঙ্গে চুক্তি হয় এবং এখন পর্যন্ত তারা দিয়েছে সাত হাজার ৩০০ টন।অন্য বিভাগগুলোতেও চুক্তি অনুযায়ী কল-মালিকদের কাছ থেকে চাল পায়নি খাদ্য অধিদপ্তর। ঢাকা বিভাগ থেকে ৬০ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সংগ্রহ করা গেছে মাত্র ১৭৫ টন। এখানকার ১৭৫টি চালকল থেকে এক হাজার ৫০০ টন চাল কেনার চুক্তি হয়েছিল।খুলনা বিভাগে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৩০০ টন। এর মধ্যে ৩১টি চালকলের মালিক ৩৩০ টন চাল দেওয়ার জন্য চুক্তি করেছিলেন। কিন্তু তাঁরা চাল দিয়েছেন মাত্র ৩২ টন।চট্টগ্রাম বিভাগে লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৯০০ টন। ৭০টি চালকলের মালিক বাদে আর কেউ সরকারের কাছে বিক্রি করতে এগিয়ে আসেননি। এক হাজার ২৬৩ টন সরবরাহের চুক্তি হলেও এ পর্যন্ত তাঁরা দিয়েছেন মাত্র ২৬০ টন চাল।সিলেট বিভাগ থেকে আট হাজার ১০০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সংগ্রহ হয়েছে মাত্র ১১০ টন। আর ২৪টি কল থেকে ২৯১ টন চাল সংগ্রহের চুক্তি হয়েছিল। বরিশাল বিভাগে একটা চালকল থেকে ১৬ টন সংগ্রহের চুক্তি হলেও পাওয়া গেছে আট টন। এই বিভাগ থেকে সব মিলিয়ে এক হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল।জানা গেছে, চুক্তি অনুযায়ী সরবরাহ না করায় সারা দেশের চালকলগুলোতে তদন্ত চালায় সরকার। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তদন্ত দল স্বয়ংক্রিয় চালকলগুলোতে এক থেকে দুই মাস চালানোর মতো ধান মজুদ দেখেছে। সাধারণ কলগুলোতেও চালের মজুদ ছিল। তবে মালিকেরা যুক্তি দিয়েছেন যে স্বয়ংক্রিয় চালকলগুলোতে উত্পাদন বেশি। তাই এক মাসের মজুদ রাখতে হয়। তবে কিছু চালকলে এর চেয়ে বেশি ধান মজুদ ছিল। আবার অনেক চালকল বন্ধ থাকলেও ধান মজুদ করা অবস্থায় পাওয়া গেছে।খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, জেলা পর্যায়ে স্বয়ংক্রিয় চালকলগুলোকে ১৫ দিন থেকে এক মাসের প্রয়োজনীয় ধান মজুদের সুযোগ দেওয়া হচ্ছে। পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে কেউ ধান মজুদ করে কল বন্ধ না রাখে।দেশে বর্তমানে সাড়ে আট লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম চলার কারণে মজুদ কমছে। গম আমদানির প্রক্রিয়া চললেও চালের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ নেই বলে জানা গেছে।