চুক্তি করেও প্রতারণা! প্রতিকার কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ছেলে জুবায়ের (ছদ্মনাম)। এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০-এর ওপরে পান। পরিবারের সবার ইচ্ছা, জুবায়েরকে উন্নত কোনো দেশে মেডিকেলে পড়ানো। কিন্তু ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনার যে খরচ, তা তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই খুঁজতে থাকেন বিভিন্ন দেশের সরকারি বৃত্তির সুযোগ। চোখে পড়ে, ঢাকার একটি কনসালটেন্সি ফার্মের বিজ্ঞাপনে রাশিয়া সরকারের দেওয়া বৃত্তির সুযোগ। যোগাযোগ করেন প্রতিষ্ঠানটির সঙ্গে। তাঁদের কথামতো ছয় লাখ টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হন জুবায়েরের বাবা। চুক্তি হয় ১০০ ও ৫০ টাকার দুটি স্ট্যাম্পে। চুক্তির শর্তানুযায়ী, জুবায়েরের বাবার প্রতিষ্ঠানটিকে তিনটি সমান কিস্তিতে টাকা পরিশোধের কথা। প্রতিষ্ঠানটি জুবায়েরকে রাশিয়ায় বৃত্তিতে পড়ার ব্যবস্থা করে দেবে। যদি ব্যর্থ হয়, তাহলে প্রদেয় টাকা কোনোরকম কর্তন ছাড়াই পরিশোধ করবে বলে স্বীকার করে দুই পক্ষই স্বাক্ষর করে। শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটি বৃত্তির ব্যবস্থা করতে ব্যর্থ হয়। জুবায়েরের বাবা তাঁর দেওয়া টাকা ফেরত চান। কিন্তু প্রতিষ্ঠানের প্রধান বলেন, ‘আমরা চুক্তিতে টাকা ফেরত দেওয়ার কথা বলেছি। কত দিনের মধ্যে ফেরত দেব, তা কিন্তু উল্লেখ নেই।’ তাঁর মতে, এটা হতে পারে ছয় মাস, এক বছর বা যেকোনো দিন। তাঁরা তো বলেননি, পরিশোধিত পুরো টাকা তাঁরা এক কিস্তিতে পরিশোধ করবেন। তাই তাঁরা যখন যে টাকার ব্যবস্থা করবেন, জুবায়েরের বাবাকে তাই নিতে হবে। এটা কোনো সাজানো নাটক নয়। এ রকম একটি ঘটনা ঘটেছে একজন শিক্ষার্থীর জীবনে। চুক্তি করার পরও জুবায়েরের বাবার মতো অনেকেই প্রতারিত হচ্ছেন। কারণ হচ্ছে, চুক্তির ফাঁকফোকর বুঝতে না পারা। মনে রাখতে হবে, প্রতিটি পক্ষই চাইবে, যাতে চুক্তিটি তাঁর পক্ষে থাকে। যেমনটি চেয়েছে ওই ফার্ম। সে তার টাকা কখন, কত পাবে, তার উল্লেখ থাকলেও কখন, কত টাকা ফেরত দেবে, তাতে রেখে দিয়েছে ফাঁক। ফলে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। কেননা একজন সাধারণ মানুষের পক্ষে অনেক সময়ই সম্ভব হয় না, চুক্তির অন্তর্নিহিত প্রতারণা খুঁজে বের করা।কিন্তু দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে লিখিত বা মৌখিকভাবে চুক্তিতে আবদ্ধ হই। ব্যবসা-বাণিজ্য, সম্পত্তি হস্তান্তর, দান, বিনিময়, সম্পত্তি বিক্রি—এমনকি বিয়েতেও চুক্তি সম্পাদন করতে হয়। কারণ, চুক্তিই আইনত গ্রহণযোগ্য। ১৮৭২ সালের চুক্তি আইনের ২(জ) ধারায় চুক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে—আইন দ্বারা বলবেযাগ্য সম্মতিকে চুক্তি বলে। চুক্তি আইনের সংজ্ঞায় দুটি বিষয় গুরুত্ব পায়। তা হলো: আইন দ্বারা বলবেযাগ্য ও সম্মতি। চুক্তি লিখিত বা মৌখিক—উভয় রকমই হতে পারে। প্রকৃতপক্ষে আমাদের দেশে প্রচলিত অনেক চুক্তিই মৌখিকভাবে সম্পাদিত হয়ে থাকে। যেমন, ক্ষুদ্র ব্যবসায় যৌথ বিনিয়োগ ও বাড়িভাড়া। চুক্তি আইনে বেশ কিছু চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে হবে। এ ছাড়া প্রচলিত আইনেও বেশ কিছু চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে হবে। কোনো কোম্পানির চুক্তি, সম্পত্তি হস্তান্তর ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই লিখিত হতে হবে।আইনজীবীর পরামর্শ: সুপ্রিম কোর্টের আইনজীবী তানজীব উল আলম ঘটনার বিবরণ শুনে জানান, টাকা লেনদেন-সংক্রান্ত এ ধরনের চুক্তিতে যে ধারায় টাকা গ্রহণ করবে, তাকে ঠিক সেভাবেই টাকা ফেরত দিতে হবে।আর প্রতিষ্ঠানটি সময় নিয়ে প্রতারণা করেছে বলে আমি মনে করি। কোনো চুক্তিতে যদি উদ্দেশ্যমূলকভাবে কোনো পক্ষ প্রতারণার আশ্রয় নেয়, তাহলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। চুক্তিতে কেউ যদি প্রতারণার আশ্রয় নেন, তাহলে ওই ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে থানায় প্রাথমিক ডায়েরি দায়ের করতে হবে। থানার তদন্ত কর্মকর্তা ঘটনা তদন্ত করে প্রতারণার সত্যতা পেলে অভিযোগপত্র দাখিল করবেন আদালতে। আর সে ক্ষেত্রে দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযুক্ত হবেন ওই প্রতারক। মনে রাখতে হবে, যখন কোনো চুক্তি করা হয়, তার ধারা বা শর্ত উভয় পক্ষের জন্য সমানভাবে প্রযোজ্য কি না। আর যদি এর বিচ্যুতি ঘটে, তা অবশ্যই চুক্তিতে তুলে ধরতে হবে। আর চুক্তি করে যদি কেউ ভঙ্গ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আদালতের আশ্রয় নিতে পারেন। আদালত প্রমাণ-সাপেক্ষে ব্যবস্থা নেবেন। সে ক্ষেত্রে মামলা পরিচালনার ব্যয়ও অভিযুক্তের কাছ থেকে আদালত আদায় করে দিতে পারেন। যদিও চুক্তি লিখিত ও মৌখিক উভয়ই হতে পারে। তবে লিখিত চুক্তি হওয়াটাই ভালো। কারণ, মৌখিক চুক্তি প্রমাণ করা কষ্টসাধ্য। একটা বিষয় মনে রাখতে হবে, ভূমি-সংক্রান্ত চুক্তি করলে অবশ্যই নিবন্ধন করতে হবে। তা না হলে আইনে আপনি সহযোগিতা পাবেন না।সর্বোপরি চুক্তি করার সময় চুক্তির খসড়াটা ভালো কোনো আইনজীবীকে দেখিয়ে, খুঁটিনাটি দিক যাচাই করে নিলে প্রতারণা থেকে রক্ষা পাওয়া যাবে।