দক্ষিণ আফ্রিকার ডারবানে জলবায়ু সম্মেলনের শেষ দিন (গত শুক্রবার) পার হয়ে বাড়তি অনির্ধারিত দিনের আলোচনায়ও কোনো মতৈক্য হয়নি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা গতকাল শনিবার অনির্ধারিত দিনে সমঝোতার শেষ চেষ্টা চালায়। পর্যবেক্ষকেরা গতকাল বলেন, স্বাগতিক দেশের শেষ চেষ্টা কোনো কাজে না-ও আসতে পারে। কারণ, নির্ধারিত দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিরা দেশে ফিরতে শুরু করেন। কোনো চুক্তি না হলে কিয়োটো চুক্তিই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্বন নিঃসরণ রোধের একমাত্র চুক্তি হিসেবে বহাল থাকবে। আগামী বছর এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা চলছিল।এদিকে সম্মেলনে ভুয়া কাগজপত্র উপস্থাপন করা হয় বলে অভিযোগ উঠেছে। কোনো সমঝোতায় পৌঁছাতে না পারার এটিও একটি কারণ বলে উল্লেখ করছেন কেউ কেউ। প্রকৃত কাগজপত্রে কার্বন নিঃসরণ কমাতে একটি প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছিল। ওই প্রক্রিয়ায় বিশ্বের সব দেশকে আগামী বছর থেকে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছা এবং ২০১৫ সালের মধ্যে তা করার কথা বলা হয়। এতে ইইউভুক্ত দেশগুলোসহ উন্নত অন্য দেশগুলোকে কিয়োটো চুক্তির আওতায় কার্বন নিঃসরণ কমানোর কথা বলা হয়।জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান ক্রিশ্চিয়ানা ফিগিউয়েরেস গতকাল বলেন, ‘তাঁরা কাজ করছেন। কাজের জন্য সময় দিতে হবে।’ এর আগে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী মেইতে এনকোয়ানা মাসহাবানে শুক্রবার রাতে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণে একটি নতুন খসড়া উপস্থাপন করেন। আগের খসড়া উষ্ণায়নের ফলে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলো প্রত্যাখ্যান করেছিল।তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও উন্নয়নশীল দেশগুলো নতুন এ খসড়ার সমালোচনা করে বলেছে, এতে কত সালের মধ্যে অবশ্যই কার্বন নিঃসরণ কমানোর সিদ্ধান্ত নিতে হবে, তা উল্লেখ করা হয়নি।যুক্তরাজ্যের জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস হুহনে বলেন, ‘এখানে রাজনৈতিক জোটগুলো একটি উচ্চাকাঙ্ক্ষী ফল পেতে আগ্রহী। কিন্তু আমরা সময়ের সঙ্গে যুদ্ধ করে কাজ করে যাচ্ছি।’এর আগে একটি চুক্তিতে পৌঁছাতে শুক্রবার রাতে চুক্তির অনুমোদন নিয়ে বেশ কয়েক ঘণ্টা আলোচনা করেন প্রতিনিধিরা। কিন্তু ওই আলোচনায় মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফ্রান্স ও জার্মানি বলেছে, সময়স্বল্পতার কারণে চুক্তির সম্ভাবনা শেষ হয়ে যায়। ইইউর শীর্ষ জলবায়ু প্রতিনিধি কোনি হেডেগার্ডও সময়স্বল্পতার কথা উল্লেখ করেন।শুক্রবার রাতে কয়েক ঘণ্টার আলোচনায় অংশ নেওয়ার পর জার্মান পরিবেশমন্ত্রী নরবার্ট রোয়েটজেন সাংবাদিকদের বলেন, ‘সময়স্বল্পতার কারণে আমরা সত্যিকার অর্থে একেবারেই নাজুক অবস্থায় আছি। আমরা এমন পর্যায়ে আছি যে এ সম্মেলন সফল হবে কি না, তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।’ ফ্রান্সের পরিবেশমন্ত্রী নাথালিয়ে কোচসিয়াসকো মোরিজেট বলেন, ‘আমরা সবচেয়ে খারাপ অবস্থায় আছি। সময় ব্যবস্থাপনার দুর্বলতাই এ ব্যর্থতার কারণ।’ইইউ জলবায়ু প্রতিনিধি হেডেগার্ড বলেন, সময়স্বল্পতার বিষয়টিই এখন উদ্বেগের কারণ। ২০১৫ সালের মধ্যে বিশ্বের প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে একটি আইনের আওতায় আনা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। এর আগে চুক্তির খসড়া নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের বৈঠকে বলা হয়, বিষয়টি নিয়ে ২০১৫ সালের আগে আলোচনা শুরু হবে না এবং ২০২০ সালের আগে তা কার্যকর হবে না।২০১৫ সালে একটি নতুন জলবায়ু চুক্তি করার পরিকল্পনাকে সমর্থন দেয় ইইউ। ওই চুক্তি করার পাঁচ বছর পর তা কার্যকরের পক্ষে তাদের সমর্থনের কথাও জানায় ইইউ।ডারবান জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক চলে চূড়ান্ত চুক্তিতে দেশগুলোকে আইনি বাধ্যবাধকতায় আনতে কী শব্দ ব্যবহার করা হবে তা নিয়ে। প্রাথমিক খসড়ায় ‘লিগ্যাল ফ্রেমওয়ার্ক’ কথাটি ব্যবহার করা হলে তা নিয়ে আপত্তি আসে। সমালোচকেরা বলেন, এটা সংশ্লিষ্ট দেশগুলোকে অঙ্গীকারবদ্ধ করে না। নতুন খসড়ায় ‘লিগ্যাল ফ্রেমওয়ার্ক’ কথার বদলে ‘লিগ্যাল ইনস্ট্রুমেন্ট’ করা হয়। ধারণা করা হচ্ছে, ভাষার এ পরিবর্তন সংশ্লিষ্ট দেশগুলোকে বেশি অঙ্গীকারবদ্ধ করবে। রয়টার্স, এএফপি ও আল-জাজিরা।