চুক্তি না হলেও পানি ঠিকই আসছে: গওহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে চুক্তি না হলেও তিস্তার পানি বাংলাদেশ ঠিকঠাক পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলন আয়োজিত ‘সম্প্রীতি ও সমৃদ্ধির স্বার্থে আঞ্চলিক ঐক্য’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।গওহর রিজভী বলেন, ‘চুক্তি না হলেও আমাদের শেয়ারের পানির কিন্তু কমতি হয়নি। আমাদের শেয়ারের পানি কিন্তু ঠিকই আসছে। এটা ঠিক, তিস্তা চুক্তি এখনো হয়নি। তবে এটা হবে। কবে হবে সেটা বলতে পারছি না। কিন্তু শিগগিরই হবে।’ গওহর রিজভী বলেন, তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করাতে ভারতের কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর সেপ্টেম্বরের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় তিস্তা চুক্তি সই হওয়ার ব্যাপারে দুই দেশই আশাবাদী ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তা শেষ মুহূর্তে আর সই হয়নি।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমাদের সবচেয়ে বড় অ্যাসেট আমাদের লোকেশন। আমাদের কানেকটিভিটি যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে সাউথ এশিয়া ও সাউথ-ইস্ট এশিয়াতে আমরা হব হাব (বাণিজ্যকেন্দ্র)। এ ক্ষেত্রে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি এড়িয়ে আমরা যদি উপ-আঞ্চলিক সহযোগিতার বিষয়টি জোরদার করতে পারি, তাহলে আমরা সবাই লাভবান হব।’ ভেতরে ভেতরে নানা কাজ চলছে মন্তব্য করে গওহর রিজভী বলেন, মংলা ও চট্টগ্রাম বন্দরের সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন চলছে।গওহর রিজভি বলেন, ‘বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারলে আমাদের জিডিপির প্রবৃদ্ধি বাড়বে।’ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের যৌথ উদ্যোগে বিদ্যুেকন্দ্র করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত বিদ্যুত্ রপ্তানি করা হবে বলে মন্তব্য করেন তিনি।সরকারের তিন বছরে ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের কথা উল্লেখ করে গওহর রিজভী বলেন, ‘৪০ বছর ধরে দুই দেশের মধ্যে যেসব সমস্যা ছিল, তা আমরা এই সরকারের আমলে সমাধান করেছি। তিনবিঘা করিডোর দিয়ে এখন ২৪ ঘণ্টা বাংলাদেশিরা আসছে-যাচ্ছে। সীমান্তে এ দেশের কিছু জমি ভারতের ছিল, আর ভারতের কিছু জমি ছিল বাংলাদেশের কাছে। আমরা এর সমাধান করেছি শুধু মানচিত্রের সীমারেখা বদলে দিয়ে।’গওহর বলেন, ‘প্রতিবেশীদের শত্রু মনে করলে চলবে না। আমাদের আসল শত্রু দারিদ্র্য, বেকারত্ব ও শিক্ষার অভাব। ঝগড়া করে নয়, আঞ্চলিক ঐক্যের মাধ্যমেই বিবাদ মেটাতে হবে।’গওহর রিজভী আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আগের চেয়ে দৃঢ়। কিছু সীমাবদ্ধতাও আছে। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও উপ-আঞ্চলিক সহযোগিতার বিষয়টি জোরদার করলে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।’আয়োজক সংগঠনের সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক ফণীন্দ্র সরকার। বক্তব্য দেন বিশ্বশান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শহীদুল্লাহ শিকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, কৃষক লীগের নেতা রোকন উদ্দীন আহমেদ প্রমুখ।