চুক্তি বাস্তবায়ন করেনি সিরিয়া: কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধে আরব লিগের সঙ্গে করা চুক্তি বাস্তবায়ন করেনি দামেস্ক। কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি গতকাল শুক্রবার এ অভিযোগ করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।শেখ হামাদ বিন জসিম আল থানি অভিযোগ করেন, চুক্তির বাস্তবায়ন দেখতে আরব পর্যবেক্ষকেরা সে দেশে ১০ দিন কাটিয়েছেন। সে সময়ও হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। তিনি বলেন, ‘মহা পরিতাপের বিষয় সেখানকার খবর ভালো নয়।’কাতারের প্রধানমন্ত্রী জানান, পর্যবেক্ষণ শেষে সিরিয়া ফেরত আরব পর্যবেক্ষকদের তৈরি করা একটি প্রাথমিক প্রতিবেদন নিয়ে আরব লিগ কমিটি কাল রোববার আলোচনা করবে। তিনি বলেন, ‘আমরা পর্যবেক্ষক দলের ওই প্রতিবেদন দেখব। তারপর আমাদের করণীয় বিষয়ে আরব কমিটি সিদ্ধান্ত নেবে।’ শেখ হামাদ বিন জসিম আল থানি বলেন, ‘হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় সময় নষ্ট করার জন্য আমরা সেখানে থাকতে পারি না।’গত ১০ মাস ধরে সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের চলমান সহিংসতা বন্ধে আরব লিগের উদ্যোগে একটি চুক্তিতে সম্মত হয়েছিল দামেস্ক। এরই ধারাবাহিকতায় ওই চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে গত ২৬ ডিসেম্বর আরব লিগের পর্যবেক্ষকেরা সিরিয়া যান। তবে আরব লিগের পর্যবেক্ষকদের উপস্থিতিতেই সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর হত্যাযজ্ঞ অব্যাহত থাকে। একই সঙ্গে চুক্তি অনুযায়ী, দেশটির বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহারে কথা বলা হলেও আসাদ সরকার তা বাস্তবায়ন করেনি। এই প্রেক্ষাপটে আরব লিগের পর্যবেক্ষকেরা সিরিয়া ত্যাগ করেন।