চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্যবাসী নিরাপত্তাহীন
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে আমরা ভালো নেই। যে আশা-আকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য পার্বত্য চুক্তি হয়েছে, তা বাস্তবায়ন না হওয়ায় এ অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে।’আজ মঙ্গলবার বান্দরবানে ষোড়শ বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরীর (কে এস প্রু) অভিষেক অনুষ্ঠানে সন্তু লারমা এ কথা বলেন। পার্বত্য অঞ্চলের মানুষের সমস্যা সরকার ও শাসকগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বোমাং রাজাকে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত রাজসিক অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ। ঐতিহ্য অনুযায়ী নবনিযুক্ত বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরীর হাতে রাজতরবারি তুলে দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। অভিষিক্ত বোমাং রাজা কে এস প্রু চৌধুরী বলেন, আরাকান ও চট্টগ্রাম অঞ্চলের ইতিহাসের ভাঙাগড়ায় ১৭২৭ সাল থেকে বোমাং রাজপরিবারের যাত্রা শুরু হয়েছিল। ১৮০৪ সালে বোমাং রাজপরিবার বান্দরবানে জনপদ গড়ে তোলে। তখন থেকে শান্তিপূর্ণ পরিবেশ বান্দরবানে রয়েছে। তিনি সেই শান্তিপূর্ণ পরিবেশের ধারা বজায় রাখতে কাজ করে যাওয়ার ঘোষণা দেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শামস-উল হুদা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, সামরিক-বেসামরিক কর্মকর্তা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিলের কর্মসূচি সমন্বয়ক রবার্ট স্টোলম্যান ও রাজপরিবারের প্রবীণ সদস্যরা।