চুক্তি বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা দিলেন সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আন্দোলনের ঘোষণা দিয়েছেন জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। ‘স্বাভাবিক প্রক্রিয়ায় এই চুক্তি বাস্তবায়িত হবে না’—এ মন্তব্য করে গতকাল তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে।পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ত্রয়োদশ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সন্তু লারমা ওই আহ্বান জানান।দিনব্যাপী অনুষ্ঠানে সকালের অধিবেশনে সভাপতির বক্তব্যে জনসংহতি সমিতির প্রধান আন্দোলনে অংশ নেওয়ার জন্য পার্বত্য জনগণের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সহায়তাও কামনা করেন তিনি। জেএসএসের নির্ভরযোগ্য সূত্র জানায়, শিগগির আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।১৯৯৭ সালের ২ ডিসেম্বর এক চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলে সশস্ত্র বাহিনী ও জনসংহতি সমিতির সশস্ত্র সংগঠন শান্তি বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। পার্বত্য জনগণের একটি ক্ষুব্ধ অংশ বৈষম্য ও বঞ্চনার অভিযোগে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। গতকাল বিকেলের অধিবেশনেও সভাপতি ছিলেন সন্তু লারমা। সে অধিবেশনের ভাষণে তিনি বলেন, ‘আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করবে কি না, তাহলে আমি বলব এই সরকার চুক্তি বাস্তবায়ন করবে, এ কথা আমি বিশ্বাস করি না। সরকার বিশ্বাস ভঙ্গ করেছে।’সন্তু লারমা বলেন, ‘সরকারের বিভিন্ন ব্যক্তির কথা শুনলে লোকের মনে হয়, এই বুঝি তাঁরা চুক্তি বাস্তবায়ন করে ফেললেন। কিন্তু তাঁরা যেসব পদক্ষেপের কথা বলেন, সেগুলো তো চুক্তির বাস্তবায়ন নয়।’ সেনা প্রত্যাহার বিষয়ে সাবেক এই গেরিলা নেতা বলেন, রাঙামাটি অঞ্চলের অধীন কাপ্তাই ব্রিগেড সরিয়ে নিয়ে এলাকাটি সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের অধীনে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সেনাবাহিনীর অভিযানের নাম পরিবর্তন হলেও তাদের ভূমিকা, কর্তৃত্ব ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানোয় কোনো পরিবর্তন হয়নি।সন্তু লারমা বলেন, চুক্তি বাস্তবায়ন কমিটি, ভূমি কমিশন এবং প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনের জন্য টাস্কফোর্স পুনর্গঠন করা হলেও তাদের কাজে অগ্রগতি নেই। সরকারের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করে জেএসএস নেতা মন্তব্য করেন, ইচ্ছা থাকলে সরকার গত ২৩ মাসে ভূমি কমিশন আইন সংশোধন করতে পারত। সন্তু লারমা এসময় জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি পার্বত্য চট্টগ্রামে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেও আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়া দেননি। ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অবস্থা’ শীর্ষক সকালের অধিবেশনে ক্ষমতাসীন মহাজোটের সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘চুক্তি বাস্তবায়নের আন্দোলন মূলধারার রাজনৈতিক আন্দোলনে যুক্ত করতে হবে।.. দীর্ঘ ১৩ বছরেও চুক্তি বাস্তবায়ন না হওয়ার বেদনা আছে ঠিকই। কিন্তু হতাশ হওয়ার কোনো সুযোগ নেই।’সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বর্তমান ভূমিকার সমালোচনা করে বলেন, চুক্তি বাস্তবায়নে আন্দোলনের বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল জানুয়ারি মাসের কোনো একটি দিনকে পার্বত্য চট্টগ্রাম দিবস হিসেবে ঘোষণার আহ্বান জানান। প্রথম অধিবেশনের আলোচনায় আরও অংশ নেন এ এন রাশেদা, মাসুদা ভাট্টি প্রমুখ।দ্বিতীয় অধিবেশনের নির্ধারিত আলোচ্য ছিল ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্যতম তথ্য কমিশনার সাদেকা হালিম। তিনি এতে বলেন, ‘..চুক্তিটির বাস্তবায়ন ইতিবাচকভাবে অগ্রসর হতে পারেনি। এখন পর্যন্ত চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়ায় আর যাই ঘটুক, পার্বত্য আদিবাসী জনগোষ্ঠীর কোনো অর্থেই উন্নয়ন ঘটেনি।’এই অধিবেশনে আলোচনায় জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, ‘চুক্তি বাস্তবায়নের রাজনৈতিক ঘোষণার বাস্তবায়ন কম।’আন্দোলন করলে ফল পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেন গণফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য পংকজ ভট্টাচার্য। তিনি বলেন, চুক্তি করলেও শাসকগোষ্ঠীর মানসকাঠামোর পরিবর্তন হয়নি।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রশ্ন তুলে বলেন, ‘চুক্তিটি অবশ্যই রাজনৈতিক সদিচ্ছার ফসল। তাহলে বাস্তবায়নে বাধা কোথায়?’ তিনি চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করার তাগিদ দেন।লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, বিলম্ব অসন্তোষ বাড়িয়েছে। আরও বাড়াবে। সরকারের এ ব্যাপারে সাবধান হওয়া উচিত।আলোচনায় আরও অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন, জেএসএসের মঙ্গল কুমার চাকমা, আদিবাসী ফোরামের সঞ্জীব দ্রং, লেখক-সাংবাদিক ফিরোজ জামান চৌধুরী ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বাবলু চাকমা।