চুক্তি বাস্তবায়নের আশা ছেড়ে দিয়েছে জুম্ম জনগণ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৫ বছরে পা দিয়েছে। এ দীর্ঘ সময়েও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি। পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ এখন চুক্তি বাস্তবায়নের আশা ছেড়ে দিয়েছেন। নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব টিকিয়ে রাখতে তাঁরা এখন আন্দোলন গড়ে তুলতে উদ্যোগী হচ্ছেন।আশাহত হয়ে তাঁরা বলছেন, বর্তমান সরকার চুক্তির পূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার করে ক্ষমতায় এসে কিছু পদক্ষেপ নিলেও সেগুলোর কোনো অগ্রগতি নেই। চুক্তি বাস্তবায়নের সব প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আন্দোলন ছাড়া তাঁদের সামনে বিকল্প নেই।জনসংহতি সমিতি (জেএসএস) গতকাল বুধবার আন্দোলনের প্রাথমিক কর্মসূচি ঘোষণাও করেছে। জেএসএসের (এম এন লারমা) যুগ্ম সভাপতি রূপায়ণ দেওয়ান পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে আন্দোলনের কর্মসূচি ঘোষণা ও শুরু করার কথা প্রথম আলোকে বলেছেন। ইউপিডিএফের একাধিক নেতাও বলেছেন, তাঁরা আন্দোলনে আছেন এবং তা চালিয়ে যাবেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরা পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি জোরদার করবেন।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রথম আলোকে বলেন, পার্বত্য জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তাঁদের পক্ষে আন্দোলন ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই।চুক্তি সই, অতঃপর...: ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জেএসএসের মধ্যে চুক্তিটি সই হয়। ওই চুক্তি স্বায়ত্তশাসনকামী পাহাড়িদের সঙ্গে মধ্য সত্তরের দশক থেকে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়েছিল। চুক্তি অনুযায়ী সরকারের প্রধান করণীয় ছিল বিশেষ অঞ্চলের স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামে বিশেষ শাসনব্যবস্থা চালু করা, ভূমি সমস্যার নিষ্পত্তি, ভারত-প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তুদের পুনর্বাসন এবং জুম্মদের সংস্কৃতি-জীবনাচরণ সংরক্ষণে পদক্ষেপ নেওয়া। চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রতিটি সরকার দাবি করে এসেছে, চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ওই কাজগুলো এগোচ্ছে। সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন উত্তরণ’-এর মাধ্যমেও চুক্তি বাস্তবায়নের কাজই হচ্ছে। তবে পাহাড়ি নেতারা দাবি করেন, চুক্তির মৌলিক বিষয়গুলোর কোনোটিই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পার্বত্য চট্টগ্রামে এখনো একাধিক সমান্তরাল শাসন চলছে—যার মধ্যে সবচেয়ে নাজুক অবস্থানে আছে স্থানীয় সরকারের আঞ্চলিক পরিষদ। অথচ চুক্তি অনুযায়ী আঞ্চলিক পরিষদ গঠিত হয়েছিল তিন জেলার শীর্ষ শাসনকাঠামো হিসেবে।পার্বত্য নেতাদের অভিযোগ, চুক্তি স্বাক্ষরের পরও অনেক পাহাড়ি পরিবারকে তাদের বংশপরম্পরায় ভোগ-দখলকৃত জমি-বাগান থেকে উচ্ছেদ করা হয়েছে। এমনকি, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরও পাহাড়িদের ভূমি থেকে উচ্ছেদ ও বেদখল করা, সাম্প্রদায়িক হানাহানি, খুন-ধর্ষণের ঘটনা ঘটছে। বর্তমান সরকারের উদ্যোগ: ক্ষমতায় আসার পরই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে মৌলিক তিনটি পদক্ষেপ নেয় বর্তমান সরকার। এগুলো হলো—চুক্তি বাস্তবায়ন কমিটি, ভূমি কমিশন এবং শরণার্থী ও উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স পুনর্গঠন। কিন্তু তারপর আর কাজ এগোচ্ছিল না। সেই পরিস্থিতিতে গত ১৩ মে আহূত এক বিশেষ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি বাস্তবায়নে সংগঠিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দা সাজেদা চৌধুরীকে তিনি ভূমি কমিশন আইন তাড়াতাড়ি সংশোধনের ব্যবস্থা নিতে বলেন। চুক্তির অন্য অবাস্তবায়িত বিষয়গুলোও একে একে বাস্তবায়নের উদ্যোগ নিতে বলেন। কিন্তু ওই সভার পরও এসবের কোনো কাজই এগোয়নি।বাস্তবায়ন কমিটি কার্যত নিষ্ক্রিয়: ২০০৯ সালের ২৫ মে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের চুক্তি বাস্তবায়ন কমিটি পুনর্গঠন করা হয়। তার পর থেকে এখন পর্যন্ত কমিটি দুটি সভা করেছে। এখন পর্যন্ত এই কমিটি চুক্তি বাস্তবায়নের কোনো মৌলিক নির্দেশনা প্রদান কিংবা কোনো সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করেনি। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরা।ভূমি কমিশন কার্যকর নয়: চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সরকার ২০০৯ সালের ১৯ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন পুনর্গঠন করে। মূলত পার্বত্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ২০০০ সালের ভূমি কমিশন আইন সংশোধন না হওয়ায় এর আগের দুটি কমিশনের মতো এটিও অকার্যকর হয়ে পড়ে।চুক্তি অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু না করে পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপের উদ্যোগ নিয়ে কমিশনের চেয়ারম্যান বিতর্কিত হয়ে পড়েন। এখন ভূমি কমিশন আইন জাতীয় সংসদে সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম সরকার বন্ধ করে রেখেছে। তবে ওই আইন সংশোধনের কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।উপদেষ্টা কমিটি ও অন্যান্য: চুক্তি অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য ১২ সদস্যের একটি উপদেষ্টা কমিটি রয়েছে। কিন্তু এই কমিটির সভা ও কমিটির সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ একেবারেই অনিয়মিত। ফলে উপদেষ্টা কমিটি আছে কেবল নামেই।সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও বিশৃঙ্খলা রয়েছে। সুবিধাভোগী পার্বত্য জনগণ এসব প্রকল্পের কার্যক্রমে সন্তুষ্ট নয়। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সার্বিক দিক দেখভালের জন্য একটি জাতীয় স্টিয়ারিং কমিটি রয়েছে। ছয় মাস পরপর এই কমিটির সভা হওয়ার কথা। কিন্তু ১৩ মাস ধরে কোনো সভা হচ্ছে না বলে কমিটির একটি সূত্র জানায়।স্থানীয় পর্যায়ে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালনকারী জেলা পরিষদ অনির্বাচিত হওয়ায় জনসম্পৃক্ত উন্নয়নকাজ হচ্ছে না বলেও সূত্রগুলো জানায়। পার্বত্য চুক্তি অনুযায়ী নির্বাচিত জেলা পরিষদ হওয়ার কথা ২২ সদস্যের। এখন তা চলছে সরকারের মনোনীত পাঁচ সদস্য দিয়ে।সময়সূচিভিত্তিক পরিকল্পনা: জেএসএস প্রস্তাব করেছিল, চুক্তির মৌলিক বিষয়গুলো সফলভাবে বাস্তবায়ন করতে চাইলে সরকারকে একটি সময়সূচিভিত্তিক পরিকল্পনা করে এগোতে হবে। এই প্রস্তাবের প্রতি পার্বত্য চট্টগ্রামবিষয়ক গবেষক, সুশীল সমাজের প্রতিনিধি ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও সমর্থন জানিয়েছিলেন। কিন্তু সরকার এ রকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি।জেএসএসের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, সরকার মুখে যতই বলুক চুক্তি পূর্ণ বাস্তবায়নের কথা, সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা না করে তা করা সম্ভব হবে না।যা বাস্তবায়িত হয়েছে: ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর চুক্তিটি মন্ত্রিপরিষদে পাস হয়। পরের বছর চার দফায় জেএসএসের সদস্যরা অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরেন। শর্ত অনুযায়ী চুক্তি স্বাক্ষরের পর ১০০ দিনের মধ্যে গঠিত হয় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।১৯৯৮ সালের ৩, ৪ ও ৫ মে যথাক্রমে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা পরিষদ (সংশোধন) আইন এবং ৬ মে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পাস হয়। ১৯৯৯ সালের ৯ মে অন্তর্বর্তীকালীন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়। ভারত থেকে শরণার্থীদের ফিরিয়ে আনা হয়। সরকারের দাবি, এর অধিকাংশ পরিবার অর্থনৈতিক সুবিধাদিও পেয়েছে। ১৯৯৮ সালের ২০ জানুয়ারি প্রত্যাগত জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্স গঠিত হয়। সে বছরই সরকার চুক্তি বাস্তবায়ন কমিটি গঠন করে। তবে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।জেএসএসের ৬৪ জন ও প্রত্যাগত শরণার্থীদের ১৮৪ জনকে তাঁদের সরকারি চাকরিতে পুনর্বহাল করা হয়। জেএসএসের ৬৭৫ জনকে পুলিশ কনস্টেবল ও ১১ জনকে ট্রাফিক সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। স্থানীয় পর্যায়ের কয়েকটি বিভাগের দায়িত্ব জেলা পরিষদগুলোর হাতে ন্যস্ত করা হয়।গুরুত্বপূর্ণ যা ঝুলে আছে: পার্বত্য চট্টগ্রামকে উপজাতি-অধ্যুষিত বিশেষ অঞ্চলের স্বীকৃতি দেওয়া এবং এই বৈশিষ্ট্য সংরক্ষণের কোনো পদক্ষেপ সরকার এখন পর্যন্ত নেয়নি। আঞ্চলিক পরিষদের দায়িত্ব এবং ক্ষমতা কার্যকর করা হয়নি। তিন পার্বত্য জেলা পরিষদের কাছেও যথাযথ দায়িত্ব ও ক্ষমতা হস্তান্তর করা হয়নি। আঞ্চলিক পরিষদ বিধিমালাসহ অন্যান্য বিধিমালা প্রণয়ন করা হয়নি। আঞ্চলিক ও জেলা পরিষদের নির্বাচন করা হয়নি। চুক্তি অনুযায়ী তিন জেলার অস্থায়ী সেনা ক্যাম্পও সরিয়ে নেওয়া হয়নি।পুনর্বাসিত বাঙালিদের পার্বত্য চট্টগ্রাম থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে অবশ্য চুক্তিতে কিছু নেই। তবে জেএসএসের দাবি সে রকম অলিখিত চুক্তি ছিল।সরকার চেষ্টা করছে: চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, চুক্তি বাস্তবায়নের বিষয়টি যেভাবে অগ্রসর হওয়ার কথা ছিল, সেভাবে যে এগোচ্ছে না, তা সত্যি। এর কারণ পরিস্থিতির জটিলতা বৃদ্ধি। তবে সরকার চেষ্টা করে যাচ্ছে।প্রতিমন্ত্রী বলেন, চুক্তির একটি পক্ষ হিসেবে সরকার তার দায়িত্ব ও করণীয় সম্পর্কে সচেতন আছে। কিন্তু চুক্তির অপর পক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে উদাসীন। সরকারকে তারা সহযোগিতা করতে চায় না।অবশ্য সন্তু লারমা এই অভিযোগের কোনো ভিত্তি আছে বলে মনে করেন না।