আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ৩০ মাসে জনপ্রশাসনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ২১৫ জন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ করেছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত এসব নিয়োগ দেওয়া হয়।বিএনপি-জামায়াত জোট সরকারের প্রায় পাঁচ বছরে ২০০১ থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ে ২৮৬ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল। আর এই সরকারের ৩০ মাসেই ২১৫ জনের চুক্তিভিত্তিক নিয়োগ হলো।বিএনপি-জামায়াত জোট আমলে উপসচিব ও তদূর্ধ্ব পদে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় চুক্তিভিত্তিক নিয়োগের বিধান শিথিল করা হয়। আগে প্রতিটি স্তরের মোট পদের ১০ শতাংশ চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ ছিল। কিন্তু জোট আমলে এই বিধান তুলে দেওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগের অবাধ সুযোগ তৈরি হয়। শুধু তাই নয়, সংশোধিত বিধানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও রাষ্ট্রপতি যে কাউকে যেকোনো পদে চুক্তিভিত্তিক নিয়োগ করতে পারেন।দেখা যাচ্ছে, বিধান শিথিল করার সুযোগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ও বিএনপি-জামায়াত জোট সরকারের করা বিধানের সুযোগে যথেচ্ছ চুক্তিভিত্তিক নিয়োগ চলছে।প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে (১৯৯৬-২০০১) পাঁচ বছরের শাসনকালের শেষ দিন ২০০১ সালের ১৫ জুলাই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ৩৭ জন। এর আগে ২০০০ সালে সর্বোচ্চ ৭৭ জন চুক্তির ভিত্তিতে নিয়োজিত ছিলেন।জানা যায়, নিয়োগপ্রাপ্তদের মধ্যে অবসরপ্রাপ্ত সামরিক, বেসামরিক কর্মকর্তা এবং সরকার-সমর্থক রাজনীতিক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অগ্রাধিকার পেয়েছেন। পূর্ব নজির ছাড়া আধা বিচারিক সংস্থা প্রেস কাউন্সিল, শিক্ষা বোর্ড, এফডিসি, বিআইডব্লিউটিএ, বিআরটিসি, বিআইডব্লিউটিসির মতো পুরোপুরি সরকারি প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ঘটনাও রয়েছে অনেক।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার পর ২০০৯ সালের ১২ জানুয়ারি সচিবদের সঙ্গে প্রথম সভায় বলেছিলেন, কর্মকর্তাদের পদোন্নতি ও সুযোগ-সুবিধা নির্ধারণ করা হবে যোগ্যতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে। পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণও ছিল তাঁর প্রতিশ্রুতির অন্যতম।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ৫(৬) দফায় বলা হয়েছে, দলীয়করণমুক্ত গণমুখী প্রশাসন প্রতিষ্ঠা, যোগ্যতা, জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে সব নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে। এ ছাড়া প্রশাসনিক সংস্কার, তথ্য অধিকার প্রতিষ্ঠা, ই-গভর্নেন্স চালু এবং সরকারি কর্মকর্তাদের স্থায়ী বেতন কমিশন গঠন করা হবে।বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে বিভিন্ন সময়ে প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগের সমালোচনা করলেও এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও অনেক সময় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।জানতে চাইলে অ্যাসোসিয়েশনের মহাসচিব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, উপযুক্ত বিবেচনায় রাষ্ট্রপতির চুক্তিভিক্তিক নিয়োগের সুযোগ রয়েছে। তবে এই সুযোগ যথেচ্ছভাবে কাজে লাগানো হচ্ছে বলে মনে করেন না তিনি। যদিও এই অ্যাসোসিয়েশন প্রতিটি সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে আসছে।জনপ্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢালাও চুক্তিভিত্তিক নিয়োগের কারণে যোগ্য কর্মকর্তারা সময়মতো পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে একই পদে কাজ করায় তাঁদের দক্ষতা ও উৎ সাহে ভাটা পড়ছে। সিভিল প্রশাসন ঐতিহ্য হারাচ্ছে। প্রশাসনে মেধাবী কর্মকর্তারা উৎ সাহ হারাচ্ছেন।১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৫(৩) ধারায় রাষ্ট্রপতি যেকোনো সরকারি কর্মকর্তাকে অবসর গ্রহণের পর প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারতেন। এ আইনের ওপর ভিত্তি করে ১৯৮৯ সালে সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা এসআরও (নম্বর ২৬১-আইন/৮৯/৯৫ বিধি-২১৭-৭-৮৯) অনুযায়ী সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবদের প্রতিটি পর্যায়ের মূল পদের ১০ শতাংশ চুক্তিতে বা প্রেষণে কর্মকর্তা নিয়োগের বিধান ছিল।২০০১ সালে বিএনপি সরকার সচিব পদের ১০ শতাংশ নিয়োগের বিধান বাতিল করে পৃথক গেজেট করে। একই আমলে ২০০১ সাল থেকে ২০০৪ সালের মধ্যে তিনটি পৃথক বিধান করে অতিরিক্ত ও যুগ্ম সচিব বা সমপর্যায়ের পদ, উপসচিব ও সমমর্যাদার পদেও চুক্তিভিত্তিক নিয়োগে ১০ শতাংশের সীমা তুলে দেওয়া হয়। এতে বলা হয়, এসব পদে একজন কর্মকর্তাকে ১০ শতাংশের কোটা উপেক্ষা করে সর্বোচ্চ তিনবার নিয়োগ দিতে পারবেন। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া উল্লেখযোগ্য কয়েকজন: জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমান সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৩ জন সচিব রয়েছেন। তাঁরা হলেন: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মিহির কান্তি মজুমদার, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক এম এ কামাল, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া, ইস্পাত ও প্রকৌশল অধিপ্তরের চেয়ারম্যান আবু হাফিজ, ব্যবস্থাপনা ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুর রব খান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহীম, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নাসির উদ্দিন আহমেদ। এর মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ১০ শতাংশের কোটা একবার উপক্ষো করে দ্বিতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।অতিরক্তি সচিবদের মধ্যে আছেন বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, তথ্য কমিশনের সচিব নেপাল চন্দ্র সরকার, আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আবদুল আওয়াল চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবদুল আজিজ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নাজমুল হাই।প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সেলিমা খাতুন, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টার একান্ত সচিব তপন কুমার মজুমদার রয়েছেন চুক্তিতে। এ ছাড়া সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর তিনজন বিশেষ সহকারীও চুক্তির ভিত্তিতে নিয়োজিত রয়েছেন।ব্যাংক-বিমা, বিদেশে বাংলাদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনার, জাদুঘর, বাংলা একাডেমী, গণগ্রন্থাগার, শিল্পকলা একাডেমীর মতো প্রতিষ্ঠানেও চুক্তিভিত্তিক কর্মকর্তা রয়েছেন।অতিরিক্ত সচিব বা সমমর্যাদার পদে ১০৪ জন, যুগ্ম সচিব বা সমমর্যাদার পদে ৮৬ জন এবং উপসচিব বা সমমর্যাদার পদে ১৩ জন কর্মকর্তা চুক্তিতে নিয়োজিত রয়েছেন বলে জানা যায়।বিশেষজ্ঞ মন্তব্য: জনপ্রশাসনের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান প্রথম আলোকে বলেন, কর্মকর্তার পদ শূন্য থাকলে উপযুক্ততা সাপেক্ষে পদোন্নতির মাধ্যমে সেই পদ পূরণ করা যাবে। তবে বিশেষায়িত পদে সব সময় যোগ্য ব্যক্তি পাওয়া যায় না বলে সেই সব পদে সীমিতভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যায়। কিন্তু এর অবাধ সুযোগ নেওয়া হলে জনপ্রশাসনে ক্ষোভ-অসন্তোষ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। কারণ একটি উচ্চপদে চুক্তিভিত্তিক নিয়োগের কারণে নিচের পাঁচটি পদের পদোন্নতির সুযোগ বন্ধ হয়।