চুক্তির উল্টো পথে পার্বত্য পরিস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি চুক্তির প্রত্যাশিত পথে না গিয়ে উল্টো পথেই চলছে। চুক্তির অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ বিষয় ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রমকে কেন্দ্র করে এই উল্টোযাত্রার অভিযোগ উঠেছে।সরকার চুক্তির পূর্ণ বাস্তবায়নের কথা বললেও ছোট কিছু কাজ সম্পন্ন করতেও গড়িমসি করছে। প্রচলিত আইনের সঙ্গে আঞ্চলিক ও জেলা পরিষদ আইনের অসামঞ্জস্য দূর করা হচ্ছে না। চুক্তি অনুযায়ী স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিভাগ জেলা পরিষদের কাছে হস্তান্তরও বন্ধ রাখা হয়েছে। ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন আইন সংশোধনের অপরিহার্য কাজ ফেলে রাখা হয়েছে। অথচ, গত ২২ জানুয়ারি সংসদ উপনেতা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় দ্রুত ভূমি কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।এর কয়েক দিন আগে, গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার মধ্যে অনুষ্ঠিত বৈঠকেও চুক্তি বাস্তবায়নে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল।কিন্তু পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য এসব জরুরি কাজে অগ্রগতি নেই। এ অবস্থায় বর্তমান ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন তাদের কাছে ইতিপূর্বে দাখিল করা দরখাস্তের ওপর শুনানি করে আবারও ভূমিবিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরুর পদক্ষেপ নিয়েছে। এ নিয়ে পার্বত্য চট্টগ্রামে নতুন করে উদ্বেগ ও বিক্ষোভ শুরু হয়েছে।প্রসঙ্গ, আইন সংশোধন: পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন আইন, ২০০১-এ কিছু সংশোধনী অপরিহার্য। কিন্তু গত প্রায় ১০ বছর বিষয়টি ফেলে রাখা হয়েছে।সর্বশেষ গত ২২ জানুয়ারি চুক্তি বাস্তবায়ন কমিটির সভার পর জানানো হয়েছিল, সংসদের বর্তমানে চলতি অধিবেশনে আইনটি সংশোধন করা হবে। কিন্তু এই অধিবেশন শেষ হয়ে এলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কাজ শুরু হয়নি।সংসদ সচিবালয়ের আইন শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, তারা ওই আইনটি সংশোধনের বিষয়ে গতকাল রোববার পর্যন্ত কোনো নোটিশ পায়নি।ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেছেন, ভূমি মন্ত্রণালয় এখন পর্যন্ত ওই আইন সংশোধনে কোনো প্রক্রিয়া শুরু করেনি।ভূমি কমিশনের উদ্যোগ: ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ভূমিবিরোধ নিষ্পত্তির শুনানি শুরু করার উদ্যোগ নিয়েছেন। ইতিপূর্বে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের কাছ থেকে ভূমিবিরোধ-সংক্রান্ত যেসব দরখাস্ত কমিশন গ্রহণ করেছিল, সেগুলো শুনানির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।গত ২০ ফেব্রুয়ারি কমিশনের রেজিস্ট্রার মো. আবু হানিফ তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি খাগড়াছড়িতে কমিশনের কার্যালয়ে ওই শুনানি অনুষ্ঠানের কথা জানিয়েছিলেন। কিন্তু কোরাম না হওয়ায় ওই শুনানি মুলতবি করে আগামী ১ ও ২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।২০১০ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চুক্তি বাস্তবায়ন কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল, আইন সংশোধন না হওয়া পর্যন্ত ভূমি কমিশনের বিচারিক কার্যক্রম স্থগিত রাখার। এখন শুনানির তারিখ ঘোষণা করায় পার্বত্য চট্টগ্রামে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।শুনানি কেন: আইন সংশোধন না হওয়া সত্ত্বেও কমিশন ভূমিবিরোধ নিষ্পত্তির শুনানি করার উদ্যোগ নিচ্ছে কেন, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, আইন সংশোধন সরকারের ব্যাপার। সে জন্য কমিশন বসে থাকতে পারে না। আইন সংশোধন করা হলে কমিশন সেই সংশোধিত আইন অনুযায়ী কাজ করবে। আর কমিশনের বিচারিক কার্যক্রম স্থগিত রাখার কোনো লিখিত নির্দেশনাও সরকার দেয়নি।