চুক্তির কারণে ভারতের নিরাপত্তাবলয়ে চলে যাবে বাংলাদেশ: এমাজউদ্দীন আহমদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় স্বাক্ষরিত তিনটি চুক্তির কারণে বাংলাদেশের ১৫ কোটি মানুষ ভারতের নিরাপত্তাবলয়ে চলে যাবে। এতে বাংলাদেশের কোনো নিরাপত্তা থাকবে না। চুক্তি তিনটির ফলে চট্টগ্রাম ও মংলা বন্দরের নিরপত্তাও হুমকির মুখে পড়ল। আজ মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘প্রধানমন্ত্রীর ভারত সফর—মূল্যায়ন শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলানায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।এমাজউদ্দীন আহমদ আরও বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের কাছ থেকে আশ্বাস পাওয়া গেলেও বাংলাদেশের স্বস্তিতে থাকার কোনো কারণ নেই। কারণ ভারত আন্তনদী সংযোগ প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে। এ প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশ অভিন্ন নদীগুলো থেকে আর কোনো পানি পাবে না। আরও বিপদে পড়বে বাংলাদেশ। আর তাই বাংলাদেশের সঙ্গে তারা পানিচুক্তি করছে না।জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারতকে দেওয়া প্রধানমন্ত্রীর আশ্বাস ও প্রতিশ্রুতির সমালোচনা করে এমাজউদ্দীন আহমদ বলেন, এ রকম প্রতিশ্রুতি ব্যক্তি পর্যায়ে দেওয়া যেতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে দেওয়া সমীচীন নয়। তিনি আরও বলেন, ইউরোপের দিকে তাকালে দেখা যাবে, ইউরোপের কোনো দেশই অন্য দেশের জন্য হুমকি নয়। অথচ ভারতের কাছ থেকে প্রতিবেশী কোনো দেশই নিরাপদ নয়।আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ‘প্রধানমন্ত্রীর ভারত সফর: বাংলাদেশের প্রাপ্তি নেই’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরোধিতা করেছিল।ভারত থেকে বিদ্যুত্ আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করে শওকত মাহমুদ বলেন, ভারত নিজেই জ্বালানি-বুভুক্ষু দেশ। ভারত বিদ্যুত্ রপ্তানি নয়, আমদানি করবে। আর ২০১০ সালের ভারতের বিদ্যুত্ ঘাটতি হবে ২০ হাজার মেগাওয়াট। এত বিদ্যুত্ ঘাটতি নিয়ে ভারত কীভাবে বাংলাদেশে বিদ্যুত্ রপ্তানি করবে।ভারতকে দক্ষিণ এশিয়ার আন্ত ও অন্তঃশান্তির জন্য হুমকি উল্লেখ করে শওকত মাহমুদ বলেন, শ্রীলঙ্কার জাতিগত দ্বন্দ্ব ও বাংলাদেশের শান্তিবাহিনীকে আশ্রয় ও প্রশয় দিয়েছে ভারত। এ অঞ্চলের দ্বন্দ্ব মূলত ভারতেই সৃষ্টি। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে কানেকটিভি সম্পর্কে তিনি বলেন, এর ফলে ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে।সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ফরহাদ মজহার। আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার ও আমিনুর রহমান মজুমদার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব আমিনুল হক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, বিএফইউজের সভাপতি রহুল আমিন গাজী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সহসভাপতি মাহফুজ উল্লাহ প্রমুখ।