প্রধানমন্ত্রীর দিল্লি সফরকালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত তিনটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারকের ব্যাপারে বিএনপির অবস্থান তুলে ধরতে আজ রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা সাড়ে তিনটায় নগরের গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।ভারত সফর সম্পর্কে গতকাল শনিবার অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি বিএনপির নেতারা। তাঁরা বলেন, এ ইস্যুতে বিএনপির অবস্থান ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে দলের চেয়ারপারসন রোববার বক্তব্য দেবেন। তাই এ নিয়ে আগাম কিছু বলার সুযোগ নেই।বিএনপির নেতারা জানান, গতকাল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বিরোধী দলকে কখনো সরাসরি আবার কখনো ইঙ্গিত করে বিভিন্ন কথা বলা হয়েছে। এ বিষয়গুলোর জবাব সংবাদ সম্মেলনে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষণা ও জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হতে পারে।গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, চেয়ারপারসন ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তির বিরুদ্ধে কর্মসূচি দেবেন। দলীয় নেতা-কর্মীরা তা পালন করবেন। ভারত সফর সম্পর্কে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ সফরে বাংলাদেশের লাভ হয়নি।স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন অমীমাংসিত বিষয়ে কেবল আশ্বাসের কথা শোনা গেছে। জাতি আশা করেছিল, পানিবণ্টন, সীমান্তে হত্যাকাণ্ড ও ছিটমহল সমস্যার সমাধান হবে; কিন্তু এগুলোর কোনোটাই হয়নি। তাই এ সফরকে শতভাগ সফল দাবি করা হাস্যকর।জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ইস্যুতে বিএনপি সংসদে আলোচনা করে এবং সংসদের বাইরে নানা কর্মসূচি পালনের মাধ্যমে জনমত গড়ে তুলবে।