চুনশিল্প বিলুপ্তির পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটি দিয়ে তৈরি গোলাকার ভাটা (চুলা)। ভাটার নিচের দিকে একটি ছিদ্র। তার মুখে পাম্প মেশিন বসানো। মেশিনের সাহায্যে ওই চুলায় বাতাস প্রবেশ করিয়ে আগুনের তেজস্ক্রিয় ধরে রাখা হয়। ভাটার ভেতরে প্রথমে জ্বালানি কাঠ সাজিয়ে তার ওপর শামুকের খোসা (শাঁস বের করা) ছড়িয়ে দেওয়া হয়, আবারও কাঠ সাজানো হয়, তার ওপর শামুকের খোসা—এভাবেই বিশাল আকৃতির ওই ভাটাটি শামুকের খোসা আর জ্বালানি কাঠ দিয়ে ভরে ফেলা হয়। পরে আগুন জ্বালানো হয়। বিদ্যুতের সাহায্যে পাম্প মেশিনে বাতাস দেওয়া হয় আর কাঠের আগুনের সঙ্গে শামুকের খোসাগুলো পুড়তে থাকে। একপর্যায়ে তা পুড়ে এভাবেই গুঁড়া চুন তৈরি করা হয়। সদর উপজেলার গোবরা গ্রামের কার্ত্তিক বাউতির বাড়ির পাশেই চিত্রা নদী। চিত্রার পারেই তৈরি করা এমন পাঁচটি চুলায় (কারখানায়) সপ্তাহে তিন দিন শামুক পুড়িয়ে তৈরি করা হয় চুন। শামুকের খোসাগুলো আগুনে পুড়ে যখন গুঁড়া হয়ে যাচ্ছে, তখন তার ওপর আবারও কিছু জ্বালানি কাঠ ও শামুকের খোসা দিচ্ছিলেন চুনকার কার্ত্তিক বাউতিসহ আরও দুজন সঙ্গী। বংশপরম্পরায় চুনের কারিগর হিসেবে এ ব্যবসা করে আসছেন তিনি। তাঁর দেখাদেখি গ্রামের স্বপন দাস, পরিতোষ দাস, রতন রায়, শহীদ শেখ এ ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়লেও পুঁজির অভাবে জেলার বেশির ভাগ কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার (১১ নভেম্বর) সরেজমিন গিয়ে দেখা গেছে, কাকডাকা ভোরেই ভাটাগুলোয় আগুন দেওয়া হয়েছে। ভাটার পাশেই কয়েক শ মণ জ্বালানি কাঠ আর শামুকের খোসার ঢিবি। বেশ কয়েকটি ভ্যানগাড়িতে করে শামুকের খোসা ভাটায় আনা হচ্ছে। ভাটার কুণ্ডলি পাকানো ধোঁয়া ওপরের দিকে উঠে বাতাসে মিশে যাচ্ছে। এলাকাবাসীর যাতে কোনো অসুবিধা না হয়, এ কারণে খুব ভোরে ভাটায় আগুন দেওয়া হয়।জানা গেছে, ১০ বছর আগেও চুন তৈরির কাঁচামাল শামুকের সহজলভ্যতা এবং উৎপাদিত চুনের ব্যাপক চাহিদা থাকায় নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা, ধোন্দা, ঘোড়াখালী, গোবরা, লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা, সারুলিয়া, বসুপটি, রায়গ্রাম, কলাগাছী এবং কালিয়া উপজেলার চাচুড়ি, কালিয়া, যোগানিয়া গ্রামে প্রায় ১০০টি কারখানা ছিল। চুন তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এবং পুঁজির অভাবে বেশির ভাগ মানুষ এ পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। হাতেগোনা যে কজন মানুষ পূর্বপুরুষের পেশা আঁকড়ে ধরে আছেন, তাঁদের নুন আনতে পানতা ফুরানোর মতো অবস্থা।গাজীরহাট গ্রামের চুনের কারিগর হরিপদ বাউতি বলেন, ‘কাঁচামালের দাম বাড়লিও চুনির দাম মোটেও বাড়েনি। দুই বছর আগেও এক বস্তা শামুকের খোসা ৪০ থেকে ৫০ টাকায় কিনা (ক্রয়) গেছে। এহোন ১৫০ টাকার কমে কিনা যাচ্ছে না। আর ৩০ থেকে ৪০ টাকা মণের জ্বালানি কাঠের দাম বাইড়ে হইছে ৯০ থেকে ১০০ টাকা। এক কেজি চুন বানাতি ১১ থেকে ১২ টাকা খরচ পইড়ে যায়। উৎপাদন খরচ দুই থেকে তিনগুণ বাইড়ে গেলিও চুনের দাম বাড়েনি। প্রতি কেজি চুন দুই বছর আগে ১২ টাকা দরে বেচিছি (বিক্রি), এহোনো তা-ই আছে। এ ছাড়া বাজার ধরে রাখতি গেলি বাকিতেও চুন বেচতি (বিক্রি) হয়। অনেক সময় সে টাকা উঠাতি কষ্ট হয়। অনেক টাকা মাইরও (আদায় হয় না) যায়। আগের মতো আর লাভ হয় না এতে। বর্ষাকালে শামুকের খোসা কম দামে কিনতি পাওয়া যায়। এ সময় শামুকের খোসা কিনে জমায়ে (মজুদ) রাখতি পারলি সারা বছর চুন তৈরি করে লাভবান হওয়া যাতো (যেত)। কিন্তু কম আয়ের চুনের কারিগরদের পক্ষে তা সম্ভব হয় না।’একই গ্রামের কালীপদ বাউতি বলেন, ‘১০ বছর আগেও এহেনে ১৪টি চুনের কারখানা ছিল। এহোন আছে মাত্র সাতটি। তার মদ্দি পুঁজির অভাবে তিনডে কারখানা বন্ধ হয়ে যাওয়ার কায়দা (উপক্রম) হইছে। অনেকে বাপ-দাদার পেশা ছাইড়ে দিয়ে অন্য পেশা বাইছে নেছে।’গোবরা গ্রামের কার্ত্তিক বাউতি জানান, চুন তৈরির কাঁচামাল শামুকের খোসা ও জ্বালানি কাঠের অস্বাভাবিক দাম বৃদ্ধি, পুঁজি-সংকটসহ নানা কারণে বর্তমানে নড়াইলের ঐতিহ্যবাহী চুনশিল্প বিলুপ্তির পথে। কাঁচামালের দাম বাড়ার ফলে বেড়ে গেছে চুনের উৎপাদন খরচ, পক্ষান্তরে বাড়েনি চুনের দাম। ফলে আগের মতো আর লাভ হয় না। অত্যন্ত সীমিত লাভের ফলে বর্তমানে জেলার চুনের কারিগরদের পক্ষে পূর্বপুরুষের পেশায় টিকে থাকা দুরূহ হয়ে পড়েছে। তিনি বলেন, শামুকের খোসা পুড়িয়ে পাউডার চুন তৈরি করে বিক্রি করেন। ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে পাউডার চুন কিনে নিয়ে তাতে পরিমাণমতো পানি মিশিয়ে পানের সঙ্গে খাওয়ার উপযোগী করেন। আবার অনেকে হালকা করে গুলিয়ে বাড়িঘরে ব্যবহার করে থাকেন। এভাবে প্রতি কেজি পাউডার থেকে তিন-চার কেজি চুন তৈরি হয়। তিনি দাবি করেন, নড়াইল জেলায় বছরে তিন থেকে সাড়ে তিন লাখ কেজি পাউডার চুন উৎপাদন হয়। ব্যবসায়ীরা এগুলো এখান থেকে কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। তবে বর্তমানে পুঁজির অভাবে তাঁদের পক্ষে চাহিদামতো চুন উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তিনি দাবি করেন, বর্তমানে গোবরা গ্রামে পাঁচটি এবং গাজীরহাট গ্রামে সাতটি কারখানা চালু রয়েছে। অন্যসব কারখানা বন্ধ হয়ে গেছে। শহীদ শেখ বলেন, তাঁর কারখানায় চারজন শ্রমিক নিয়মিতভাবে কাজ করে। একবারে ২৫ বস্তা শামুকের খোসা পোড়ালে ১৮ মণ অর্থাৎ ১২ বস্তা পাউডার চুন হয়। খরচ বাদে প্রতি বস্তা চুনে ৫০ থেকে ৬০ টাকা লাভ থাকে। এ খাতে সরকারি কোনো সহায়তা পাওয়া যায় না।চেম্বারস অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান হাসান বলেন, পুঁজির অভাবে চুন শিল্প আজ বিলুপ্তির পথে। অনেকে এ পেশা ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। হাতেগোনা যে কজন এ শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, তাঁরাও দুর্দিনের মধ্যে রয়েছেন। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই ব্যাংক অথবা সরকারি সহায়তা প্রয়োজন।