চুনাপাথরের খনি আবিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় নতুন একটি চুনাপাথরের খনি আবিষ্কার করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। গত ৩০ মে ভূগর্ভের এক হাজার ৪৯৮ ফুট গভীরে চুনাপাথরের সন্ধান পাওয়ার পর আরও ১৮ ফুট গভীরতা পর্যন্ত খনন করে একটি সমৃদ্ধ খনি সম্পর্কে নিশ্চিত হন জিএসবির কর্মকর্তারা।গতকাল রোববার জিএসবি আনুষ্ঠানিকভাবে এই আবিষ্কারের ঘোষণা দেয়। বিষয়টি সম্পর্কে জিএসবির মহাপরিচালক মুনিরা আখতার চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, খনিটিতে প্রায় ৯৬ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিপুল পরিমাণ চুনাপাথর রয়েছে। খনিটি থেকে চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে। চুনাপাথরের নিচেই কয়লা থাকতে পারে বলে তাঁর ধারণা।জিএসবির পরিচালক ও এই খনি প্রকল্পের পরিচালক মো. নেহাল উদ্দিন বলেন, তাঁদের প্রাথমিক ধারণা, খনিটিতে চুনাপাথরের স্তরের পুরুত্ব ১০০ ফুট পর্যন্ত হতে পারে। খনি এলাকাটি জয়পুরহাট শহর থেকে ১৪-১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভারতীয় সীমান্ত এলাকা থেকে সাত-আট কিলোমিটার ভেতরে।ভূ-পদার্থিক জরিপের (জিওফিজিক্যাল সার্ভে) মাধ্যমে খনিটি চিহ্নিত করার পর গত ২ এপ্রিল পাঁচবিবি উপজেলা সদরের পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে আয়মা রসুলপুর ইউনিয়নের আগাইর মৌজায় অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করা হয়েছিল। জিএসবি সেখানে তিন হাজার ফুট গভীর পর্যন্ত অনুসন্ধান কূপ খনন অব্যাহত রাখবে।এর আগে জয়পুরহাট শহরসংলগ্ন এলাকা, সুনামগঞ্জের বাগালীবাজার ও টাকেরঘাট-লালঘাট এবং নওগাঁর ধামইরহাটের কাজীপাড়া-পরাননগরে চুনাপাথর আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জের চুনাপাথর সিমেন্ট কারখানায় ব্যবহূত হয়েছে। চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ভবন নির্মাণ ও সিমেন্ট কারখানায় এই পদার্থ ব্যবহূত হয়।জিএসবি এর আগে বড়পুকুরিয়া, খালাসপীর, দীঘিনালা ও জামালগঞ্জে কয়লাখনি আবিষ্কার করেছে। বড়পুকুরিয়ার সম্প্রসারিত অংশ ফুলবাড়ী কয়লাক্ষেত্রটিতেও জিএসবি প্রাথমিক অনুসন্ধান চালিয়েছিল। পরে এশিয়া এনার্জি ওই এলাকাটি ইজারা নেয় এবং কয়লা আবিষ্কার করে। জিএসবি এ পর্যন্ত ৩০০ কোটি টাকা ব্যয় করে প্রায় ১২ লাখ ১৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আবিষ্কার করেছে। এর মধ্যে বড়পুকুরিয়া থেকে কয়লা তুলে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। মধ্যপাড়া থেকে কঠিন শিলা উত্তোলন করা হচ্ছে।জিএসবির অন্যান্য আবিষ্কারের মধ্যে রয়েছে: মাদারীপুর, খুলনা, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে পাঁচটি পিটকয়লাক্ষেত্র; দিনাজপুরের মধ্যপাড়া ও রংপুরের পানবাড়ীতে দুটি কঠিন শিলার খনি; দিনাজপুরের বড়পুকুরিয়া ও মধ্যপাড়া এবং নেত্রকোনার বিজয়পুরে তিনটি চীনামাটির খনি; দিনাজপুরের বড়পুকুরিয়া ও মধ্যপাড়া, হবিগঞ্জের নয়াপাড়া, কুমিল্লার চৌদ্দগ্রাম এবং শেরপুরের বালিজুড়ীতে পাঁচটি কাচবালির খনি; সুনামগঞ্জের ভোলাগঞ্জ, পঞ্চগড়ের তেঁতুলিয়া, লালমনিরহাটের পাটগ্রাম, সিলেটের ডাউকি-জাফলং এবং পার্বত্য চট্টগ্রামে পাঁচটি নুড়িপাথরের (নির্মাণ পাথর) খনি; কক্সবাজার সমুদ্রসৈকত ও দ্বীপসমূহে ইলমেনাইট, গারনেট, লিউকক্সিন, রুটাইল ও মোনাজাইট এবং ব্রহ্মপুত্র-যমুনা নদীর বালুচরে ভারী খনিজ এবং জিরকন।