চুনারুঘাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যক্তিমালিকানাধীন গ্রিনল্যান্ড পার্ক থেকে পাঁচ শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিসহ সাধারণ সম্পাদক সৈয়দ ছায়েদুল হকের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পার্কের মালিক লন্ডন প্রবাসী সৈয়দ এমদাদুল হক হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চুনারুঘাট থানা ও বন বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, চুনারুঘাট শহরের পীরেরবাজার এলাকার লন্ডন প্রবাসী সৈয়দ এমদাদুল হক ২০০৩ সালের ১ নভেম্বর পারকুল এলাকায় প্রায় ৫০ একর জমি ক্রয় করে সেখানে ব্যক্তিমালিকানায় পার্ক নির্মাণ করেন। এদিকে একই এলাকার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সৈয়দ ছায়েদুল হক পার্কের ইজারাদার দাবি করে ১৬ জুলাই স্থানীয় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী সঙ্গে নিয়ে পার্কে প্রবেশ করে এবং নির্বিচারে গাছ কাটতে থাকেন। ছায়েদুল হক পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ট্রাক্টর দিয়ে পাচার করেন। এ ব্যাপারে পার্কের মালিক সৈয়দ এমদাদুল হকের পক্ষ থেকে চুনারুঘাট থানায় এবং বন বিভাগের বিশেষ টহল বাহিনীর ওসি শাহিদুল হককে বিষয়টি জানানো হলেও তাঁরা গাছভর্তি গাড়িগুলো আটক করেননি বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগ সৈয়দ ছায়েদুল হক বলেন, সৈয়দ এমদাদুল হক ৩০ বছরের জন্য তাঁকে পার্কটি লিজ দিয়েছেন। এ মর্মে হবিগঞ্জ নোটারি পাবলিকের মাধ্যমে সম্পাদিত একটি চুক্তিনামা দেখান। তবে এ পার্কের গাছ কাটার সরকারি অনুমোদনের বিষয়টি এড়িয়ে যান। তবে এ চুক্তিনামার বিষয়টি অস্বীকার করেন পার্কের মালিক সৈয়দ এমদাদুল হক। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এমদাদুল হক তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। ছায়েদুলের পক্ষ থেকে থানায় দাখিলকৃত চুক্তিনামাটি সম্পূর্ণ জাল বলে তিনি চ্যালেঞ্জ করেন। এ ব্যাপারে চুনারুঘাটের টহল ওসি শাহিদুল হক জানান, গাছ কাটতে গেলে বন বিভাগের অবশ্যই অনুমতি প্রয়োজন রয়েছে। যেখানে প্রধামন্ত্রী শেখ হাসিনাও গাছ কাটতে নিষেধ করেছেন, সেখানে চুনারুঘাটের গ্রিনল্যান্ডের গাছ কাটার ব্যাপারে ব্যবস্থা নিতে অসহায় বোধ করছেন।