চুমুক দেওয়ার আগে ভাবুন!
গরম এলেই ঢাকার বিভিন্ন জনবহুল স্থানে বসে যায় শরবতের ভ্রাম্যমাণ দোকান। সেখানে থাকে বাহারি রং আর নানা পদের শরবত। কিন্তু রং আর বোতলের বাহার দেখে শরবত পান করতে চাওয়াটা আহাম্মকি হয়ে দাঁড়াতে পারে। কারণ, শরবত তৈরি ও পরিবেশন প্রক্রিয়া মোটেও স্বাস্থ্যসম্মত নয়। আর শরবতে ব্যবহূত পানি তো বিশুদ্ধ নয়ই।ফুটপাতের শরবতের দোকানগুলোয় একসঙ্গে অনেক চিনি বা গুড় জ্বাল দিয়ে তাতে রং মিশিয়ে রঙিন শিরা তৈরি করে রাখা হয়। ক্রেতা আসামাত্র বরফ, সামান্য পানি আর শিরা মিশিয়ে তাত্ক্ষণিকভাবে পরিবেশন করা হয় শরবত। শরবতটি খাওয়ার পর মুখে যদি তেতো ভাব আসে তবে বুঝতে হবে শরবতটি স্যাকারিনে তৈরি, যদিও বিক্রেতা কখনোই এ কথা স্বীকার করবেন না।শরবতের শিরা বানাতে ব্যবহার করা হয় নিষিদ্ধ ঘোষিত ‘ঘন চিনি’ আর স্যাকারিন। আর আখের গুড়ের শিরা না বলে একে গাদের (আখের গুড় বানানোর সময় নিচে জমে থাকা তলানি) শিরা বলাই ভালো। এগুলো পানি ও রং দিয়ে জ্বাল দেওয়ার পর ছেঁকে স্বচ্ছ শিরাটুকুই কাচের বোতলে ভরা হয়।এ তো গেল শরবত সুমিষ্ট করার কথা। শরবতের ভেতরে লেবু বা কমলার স্বাদ ও রং কীভাবে আসে? নানা রঙের যে শরবত বাজারে পাওয়া যায়, সেটা আসলে কাপড়ের রং! এর কেতাবি নাম প্রুশিয়ান রং। ঢাকার লাল চান মুকিম লেন, মালিটোলা আর উর্দু রোডের দোকানে মেলে এমন রং। আর স্বাদ? সেটা আসে কামরাঙ্গিরচরের দুই নম্বরি অরেঞ্জ বা পাইন আপেলের গুঁড়ো পাউডার থেকে। এগুলো দামে সস্তা কিন্তু স্বাদে কড়া। কোনো কোনো দোকানি আবার ব্যবহার করেন মিটফোর্ডের রাসায়নিক পণ্যের দোকানের সাইট্রিক এসিড। এতে টক টক ভাবটা বেশ জোরালো হয়।পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুর নিচে শরবত বিকাচ্ছে দেদারসে। শরবতওয়ালার পাশে টুলে বসে আখের গুড়ের পাটা থেকে গুড় কাটছিলেন এক সহযোগী। চারপাশে মাছি ভন ভন করছে। এর মাঝে অনেকেই দোকানের সামনে দাঁড়িয়ে পান করছিলেন শরবত। শরবতওয়ালা হাবিবুল্লাহ বলেন, গরমকাল বলে চাহিদা বেশি। এ জন্য রাস্তার ধারেই গুড় কেটে শরবত পরিবেশন করতে হচ্ছে। আবার এতে সুবিধাও আছে। মানুষের বিশ্বাস জন্মে যে শরবতটি আসলেই গুড় দিয়ে তৈরি হচ্ছে।হাবিবুল্লাহর দোকানে দেখা গেল, গাড়ির টায়ারের কালো ব্যাগে ভরে বরফ গুঁড়ো করা হচ্ছে। বরফে পরিণত হওয়ার আগে পানি বিশুদ্ধ ছিল না তা বরফকলগুলোতে গেলেই বোঝা যায়।আবার দইয়ের শরবত বা লাচ্ছি বলে যেটা বিক্রি হচ্ছে, সেটাতে ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের দই। দই বানানোর প্রক্রিয়ায় ‘গাজন’ গুরুত্বপূর্ণ অংশ। দইয়ের জন্য নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গাজন দরকার। গাজন বেশি হলে সেটি খাবার উপযোগিতা হারায়। শরবতের দোকানিরা বিভিন্ন মিষ্টির দোকানে থাকা অতিমাত্রায় গাজন হওয়া দই সস্তায় কিনে আনেন। তাই তো তিন থেকে পাঁচ টাকায় বিক্রি হয় দইয়ের লাচ্ছি।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকের পাশে হলুদ রঙা শরবত নিয়ে বসে ছিল জাকির হোসেন। তিনি শরবতটিকে মাঠা বলে দাবি করলেও এটি আসলে ছানার পানি। শাঁখারীবাজারের পাশে পাটুয়াটুলি লেনে রয়েছে টকদই, মাওয়া, ছানা আর ঘির দোকান। স্থানটি পুরান ঢাকায় ঘি-পট্টি নামে পরিচিত। সেখানে দুধ থেকে ছানা বানানোর পর যে পানিটুকু আলাদা করা হয়, তাতে সামান্য টকদই মিশিয়ে বানানো হয় শরবত। খোলা আকাশের নিচে থাকা ডেকচিতে বরফের বড় টুকরো বসিয়ে বিক্রি করা হয় এই ‘মাঠার শরবত’।নগরের অনেক স্থানেই রিকশাভ্যানে বসানো থাকে আখের রস নিংড়ানোর যন্ত্র। এটা একটা পরিচিত চিত্র ঢাকা শহরের। যেখানেই থামে এই ‘রস যান’ সেখানেই লোকেদের ভিড়বাট্টা। মেশিনে আখ ঢুকিয়ে গ্লাস ভর্তি রস বের করে তুলে দেওয়া হচ্ছে খদ্দেরের হাতে। তাতে খদ্দের চুমুক দিয়ে ঠোঁটের ওপরে-নিচে লাগাচ্ছে ফেনার আস্তরণ। ফেনিল রসটুকু খাওয়ার আগে জনতার মনে সামান্য কুণ্ঠা নেই স্বাস্থ্য ঝুঁকির। অথচ আখের ছোবড়া ছাড়ানো থেকে রস নিংড়ানো পর্যন্ত প্রক্রিয়াটি অস্বাস্থ্যকর। আখগুলো টিনের মরিচা ধরা একটা হাতল দিয়ে চেঁছে ফেলা হচ্ছে। তারপর সেগুলোকে ছোবড়াবিহীন অবস্থায় রাখা হচ্ছে রিকশাভ্যানের ওপর বা রাস্তার ওপর। নেই কোনো আচ্ছাদন। নেই মাছি তাড়ানোর কোনো ব্যবস্থা। আর মেশিনে ঢোকানোর জন্য যে হাত দুটো কাজ করছে, তা পরিষ্কার করার ব্যাপারে নেই কোনো তাগিদ। ‘ভাবটা এমন যে রস তো খাচ্ছে ক্রেতা, আমি হাত ধোব কেন?’কখনো কখনো ছোবড়া ছাড়ানো আখ বাসি হয়ে যায়। সেগুলো ব্যবহার করা হয় পরের দিন। প্রায়ই আখে থাকে পচন ধরা অংশ। আর যে পানিতে ভিজিয়ে আখের সজীব ভাবটা আনা হয়, তা মোটেও বিশুদ্ধ নয়।গুলিস্তান আন্ডারপাসের পাশে ও নবাবপুর রোডসহ শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যায় ভেষজ শরবত। ইসুবগুল, তোকমা, আপেল, কমলা, কলা, আঙুর, বেদানা প্রভৃতি ফল দিয়ে বানানো হয় এসব শরবত। দোকানগুলোয় পৌরুষত্বকে চ্যালেঞ্জ করে বিক্রেতারা হাতিয়ে নিচ্ছে পকেটের টাকা। পুরান ঢাকায় আরও পাওয়া যায় ওলটকোমলের শরবত। ওলটকোমল গাছের পাতার শাঁস দিয়ে বানানো হয় এই শরবত। গরমের দাবদাহে পেটে ঠান্ডা ভাব আনতে অনেকেই খায় এই শরবত। কিন্তু শরবত যে ডেকচি বা বালতিতে বানানো হয়, সেটা আদৌ স্বাস্থ্যসম্মত কি না সেটা নিয়ে ভাবে না ক্রেতারা। আবার শরবতের জন্য পাতার শাঁস ছাড়ানোর পর দেওয়া হয় চিনির শিরা। চিনি নামে যেটা তারা খাওয়াচ্ছে, সেটা আসলে স্যাকারিন।কিন্তু কতটা স্বাস্থ্যসম্মত এই শরবত? সিদ্দিকবাজারের সানজিদা আখতার বলেন, ‘আমার পাঁচ বছরের মেয়ে স্কুল থেকে ফেরার পথে দিন দুয়েক শরবত খেয়েছিল। অথচ তাকে ভুগতে হয়েছে পাক্কা সাত দিন।’ তিনি আরও জানান, রাস্তার পাশের শরবতের দোকানগুলোকে ভেজালবিরোধী অভিযানের আওতায় আনা প্রয়োজন।রাস্তাঘাটে অস্বাস্থ্যকর অবস্থায় এসব বিষাক্ত শরবত বিক্রি হলেও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। এ প্রসঙ্গে ডিসিসির ফুড অ্যান্ড স্যানিটেশন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ডিসিসি থেকে নিয়মিত বিভিন্ন খাদ্যদ্রব্যের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। নমুনায় কোনো ভেজাল থাকলে ‘পিওর ফুড অর্ডিন্যান্স’ ও ‘ঢাকা সিটি করপোরেশন অর্ডিন্যান্সে’ মামলা ও শাস্তির ব্যবস্থা করা হয়। কিন্তু ভ্রাম্যমাণ দোকানগুলো অস্থায়ী বলে বিচারের আওতায় সব সময় আসে না। তবে রাস্তায় বসানো দোকানগুলো উচ্ছেদ করার দায়িত্বে আছে সম্পত্তি বিভাগ। রাস্তায় দূষিত শরবত বিক্রি রোধ করতে তাদের ভূমিকাই বেশি।’