চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্যালো ইঞ্জিনচালিত যান নছিমন, করিমন, আলমসাধু ও ডিজেলচালিত অটোরিকশার (থ্রি হুইলার) চলাচল বন্ধ করাসহ তিন দফা দাবিতে এই ধর্মঘট চলছে। ১০ এপ্রিল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।দাবিগুলো হলো: চুয়াডাঙ্গায় বাস চলাচল করে এমন পাঁচটি সড়কে সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে, থ্রি হুইলার গাড়ির রেজিস্ট্রেশন থাকতে হবে এবং রুট পারমিট ও ফিটনেস নিয়ে নির্ধারিত সড়কে চলাচল করতে হবে এবং ৪ এপ্রিল জীবননগরে বাসচালককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে।চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম জানান, অবৈধ যান চলাচল বন্ধসহ এসব দাবির বিষয়ে প্রশাসনকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু এর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিবহন মালিক-শ্রমিকেরা বাধ্য হয়ে এই ধর্মঘটে নেমেছেন।চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম রেজাউল করিম জানান, সর্বশেষ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পৌর এলাকার মধ্যে অবৈধ যান চলাচলের বিষয়ে সাত দিন মাইকিং করা হয়েছে। শিগগির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।